অনিরুদ্ধ সাজ্জাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়

  ২২ ঘণ্টা আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবোদ্যম ফাউন্ডেশনের ফল উৎসব

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে মৌসুমী ফলের পুষ্টি ও আনন্দ ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ‘ফল উৎসব’। “মধু মাসের মিষ্টি ফলে, হাসবে শিশু নবোদদ্যমে” স্লোগানকে সামনে রেখে এই উৎসবের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন নবোদ্যম ফাউন্ডেশন।

রবিবার (১২ জুলাই) বিকেল ৪:০০ টায় আয়োজিত এই উৎসবে পথশিশুদের হাতে আম, কাঁঠাল, লিচু, জাম, লটকন, পেয়ারা ও কলাসহ নানা পদের পুষ্টিকর ও সুস্বাদু মৌসুমী ফল তুলে দেওয়া হয়। উৎসবের আমেজে ফল পেয়ে শিশুদের মুখে এক টুকরো অমলিন হাসি ফুটে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রম ও শিশুদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নবোদ্যম ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ ওবায়েদুল্লাহ। তিনি বলেন, ‘মৌসুমী ফলের পুষ্টি ও স্বাদ পাওয়ার অধিকার প্রতিটি শিশুরই রয়েছে। আমরা চেয়েছি বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সুবিধাবঞ্চিত এই শিশুরা যেন পুষ্টিহীনতায় না ভোগে এবং আমাদের সমাজেরই অংশ হিসেবে তারা যেন উৎসবের আনন্দটুকু উপভোগ করতে পারে। নবোদ্যম ফাউন্ডেশন সবসময় এই শিশুদের মুখে হাসি ফোটাতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সংগঠনের সেক্রেটারি জেনারেল মো. আশিকুর রহমান তার বক্তৃতায় বলেন, ‘আজকের এই আয়োজন কেবল ফল বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি শিশুদের মাঝে ভালোবাসা ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি সচেতন মানুষ যদি এভাবে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ায়, তবে কোনো শিশুই আর অবহেলিত থাকবে না। আগামীতেও আমাদের এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নবোদ্যম ফাউন্ডেশনের ট্রেজারার হাসানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম অনিক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. নওসাদ আলীসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা।

উপস্থিত অতিথি ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়