রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ৯ ঘণ্টা আগে

রাজারহাট

মুগ্ধতা ছড়ানো একটি রাস্তা

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে অনেক কিছুই ভাইরাল হওয়ার খবর পাওয়া যায় অথবা দেখা যায়। কুড়িগ্রামের রাজারহাটে এবার একটি রাস্তা ভাইরাল হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভাইরাল রাস্তাটির অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য ভেসে বেড়াচ্ছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেকে আসছেন সেই রাস্তাটির প্রাকৃতিক অপরূপ দৃশ্য নিজ চোখে দেখছেন এবং মুগ্ধ হচ্ছেন। আশপাশের জেলা ও উপজেলা থেকে দলে দলে কনটেন্ট ক্রিয়েটররা আসছেন এবং কনটেন্ট তৈরি করে ছেড়ে দিচ্ছেন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সেগুলো তুমুল জনপ্রিয়তা পাচ্ছে বলে জানা গেছে। দূর-দূরান্ত থেকে অনেকেই আসছেন সেই রাস্তাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য।

সরেজমিনে দেখা গেল, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট-তিস্তা আঞ্চলিক মহাসড়কের এই অংশটি রাজারহাট ইউপির সদর বাজার হতে ঘড়িয়ালডাঙ্গা ইউপির সিংগারডাবড়ী বাজার পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন কিলোমিটারজুড়ে অবস্থিত। অত্যন্ত মনোরম পরিবেশ, রাস্তার উত্তর পাশ দিয়ে রেল লাইন, দক্ষিণে তালগাছের সারি, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিমুল ও আমগাছ, উত্তর-দক্ষিণে বিল চকচকে পানি আর কচুরিপানা, পূর্ব-পশ্চিম লম্বায় বিনবিনে সোজা রাস্তা সম্ভবত এসব কারণেই এই রাস্তাটি ভাইরাল হয়ে নজর কেড়েছে সবার। এর বিপজ্জনক দিকও আছে তিস্তা ভায়া কুড়িগ্রাম, উলিপুর, চিলমারী যাওয়ার জন্য সহজ যোগাযোগমাধ্যম এই রাস্তাটি। স্বাভাবিক কারণে প্রতিদিন ছোট-বড় শত শত যানবাহন রাস্তায় চলাচল করে এবং দিনে কয়েকবার রেল লাইন দিয়ে রেলগাড়ি চলাচল করে। কথা হয় দর্শনার্থী কিশোর জাকারিয়া, বুলবুল, জিম, লিমনসহ একদল কিশোরের সঙ্গে, তারা জানান, এই রাস্তাটির সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা বন্ধুরা এসেছি, রাস্তাটির উভয় পাশের দৃশ্য অত্যন্ত চমৎকার, নিজ চোখে না দেখে তা অনুভব করা সম্ভব নয়।

স্থানীয়রা সুপারী ব্যবসায়ী এরশাদ আলী জানান, রাজারহাট-তিস্তা আঞ্চলিক মহাসড়কের এই এলাকাটির অসাধারণ দৃশ্য দেখতে প্রতিদিন বিকেলবেলা দূর-দূরান্ত থেকে অনেকে পরিবার পরিজন সঙ্গে নিয়ে আসেন এবং রাস্তাটির সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন।

এলাকার স্থানীয় বাসিন্দা ফরিজল হক জানান, এই রাস্তাটির অন্যতম আকর্ষণ পাশের তালগাছগুলো, যা দেখলে ছবির মতো মনে হয়, খুব সুন্দর হয়েছে কিন্তু কিছু অসাধু লোক দিনদুপুরে তালগাছের ডাল-পাতা কেটে নিয়ে যাচ্ছে ফলে গাছগুলো দুর্বল হয়ে সৌন্দর্য হারাচ্ছে।

স্থানীয় সমাজসেবক মো. তালেমুল ইসলাম (৭০) জানান, এই রাস্তাটির অপরূপ সৌন্দর্য এবং দুই পাশের প্রাকৃতিক দৃশ্য দেখা দূর থেকে দেখলে শিল্পীর আঁকা ছবির মতো মনে হয়। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য প্রতিদিন বিভিন্ন বয়সের অসংখ্য শিশু ও নারী-পুরুষ পরিবার নিয়ে এখানে আসেন। দিনে কয়েকবার রেলগাড়ি ছাড়াও ছোট-বড় শত শত যানবাহন চলাচল করে। তাই তিনি দর্শনার্থীদের সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়