বায়ুদূষণের দায়ে ছয় ইটভাটা বন্ধ, জরিমানা ৪৯ লাখ টাকা

বায়ুদূষণের দায়ে সংশ্লিষ্টদের ৪৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পাঁচটি অবৈধ ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হয়। আরো একটি ইটভাটার কার্যক্রম বন্ধে কঠোর নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে রবিবার পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ, কুমিল্লা, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ ও ময়মনসিংহে ছয়টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮টি মামলা দায়ের করে।
ঢাকা মহানগরের উত্তরা এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে চারটি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকজন চালককে সতর্ক করা হয়।
নির্মাণসামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে মোহাম্মদপুর, লালমাটিয়া ও আফতাবনগরে তিনটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় সাত মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।









































