প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩০ নভেম্বর, ২০১৯

মঙ্গলে ভয়ংকর ধূলিঝড়ে উবে গেছে সবটুকু পানি!

ভয়ংকর ঝড় উঠেছিল মঙ্গলে। ধুলোর উদ্দাম ঝড়। সেই তুলকালাম ঝড়ে উত্তাল হয়ে উঠেছিল ‘লাল গ্রহ’। উথালপাতাল করে দেওয়া ধুলোর ঝড় গোটা মঙ্গল গ্রহটাকেই ঢেকে ফেলেছিল। প্রাণ কেড়ে নিয়েছিল নাসার পাঠানো রোভার অপরচুনিটির। তার সবকটি যন্ত্রকে বিগড়ে দিয়ে চিরদিনের মতোই অপরচুনিটিকে ঘুম পাড়িয়ে দিয়েছিল গত বছর। বিজ্ঞানীদের ধারণা, কয়েকশ কোটি বছর আগে ধুলোর এমন ভয়ংকর ঝড়ের জন্যই লাল গ্রহের সবটুকু পানি উবে গিয়েছিল মহাকাশে।

গত এক দশকেও এতটা উদ্দাম ঝড় হয়নি লাল গ্রহে। এমন ভয়ংকর ধুলোর ঝড় মঙ্গলে হয়েছিল ১১ বছর আগে। ২০০৭-এ। সাম্প্রতিক একটি গবেষণা এই কথা জানিয়েছে। তবে কেন এক দশকে একবার করে এই ভয়ংকর ধুলোর ঝড় ওঠে লাল গ্রহে, তা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা এখনো ধোঁয়াশায়।

সেসময় মঙ্গলের পিঠ থেকে উঠে আসা ধুলো তৈরি করেছিল ঘন জমাট বাঁধা বিশাল বিশাল মেঘ। মেঘগুলো মঙ্গলের পিঠের ধুলো নিয়ে উঠে গিয়েছিল। অত্যন্ত উঁচু স্তম্ভের মতো। মেঘগুলোর মধ্যে ছিল প্রচুর জলীয়বাষ্পের কণা। মেঘগুলো যত ওপরে উঠেছে, সূর্যের আলো আর মহাজাগতিক রশ্মিসহ নানা ধরনের তেজস্ক্রিয় বিকিরণ মেঘের ভেতরে থাকা জলীয়বাষ্পের কণাগুলোকে তত বেশি করে ভেঙে দিয়েছে। উবে গেছে জলের বিন্দুগুলো।

নাসার গবেষকদের দাবি, কয়েকশ কোটি বছর আগে হয়তো এভাবেই মঙ্গলের বুক থেকে উধাও হয়েছিল তার জলের ভান্ডার। সেই ভয়ংকর ঝড়টাই হয়েছিল গত বছর। ওই সময় নাসার বেশ কয়েকটি মহাকাশযান ছিল মঙ্গলের আশপাশে। তারা সেই ঝড়ের ছবি পাঠিয়েছিল। সেগুলোর ভিত্তিতেই প্রকাশিত হয়েছে হালের দুটি গবেষণাপত্র।

গবেষণা জানিয়েছে, গত বছর গোটা মঙ্গলজুড়ে যখন চলছে ভয়ংকর ধুলোর ঝড়; তখন সেই মেঘের স্তম্ভগুলো লাল গ্রহের পিঠ থেকে উঠে গিয়েছিল কম করে ৫০ মাইল বা ৮০ কিলোমিটার। আনন্দবাজার।

মূল গবেষক ভার্জিনিয়ার হ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস হিভেন্স বলেছেন, ‘মঙ্গলের বিভিন্ন প্রান্তে প্রতি বছরই ধুলোর মেঘের স্তম্ভ তৈরি হয়। এক থেকে দেড় দিনের মধ্যেই সেই স্তম্ভগুলো ভেঙে পড়ে। কিন্তু গত বছর ঘটেছিল অভূতপূর্ব ঘটনা। ধুলোর মেঘের স্তম্ভগুলো কিছুতেই ভাঙতে চাইছিল না। উঁচু উঁচু স্তম্ভগুলো টিকে ছিল তিন থেকে সাড়ে তিন সপ্তাহ। আর সেগুলো শুধুই কোনো একটি এলাকায় নয়, গোটা মঙ্গল গ্রহটাকেই ঢেকে দিয়েছিল।’ বিজ্ঞানীদের ধারণা, এমন ভয়ংকর ধুলোর ঝড়ের জন্যই কয়েকশ কোটি বছর আগে মঙ্গলের জলের ভাঁড়ার উবে গিয়েছিল মহাকাশে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়