লামা (বান্দরবান) প্রতিনিধি

  ৩ ঘণ্টা আগে

কলেজের জমি দখলমুক্ত দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সরকারি মাতামুহুরী কলেজের জবর দখলকৃত প্রায় দুই একর সরকারি জমি উদ্ধার, অভিযুক্ত ভূমিদস্যুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কলেজের সম্পত্তি সুরক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন কলেজের শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার লামা উপজেলা পরিষদের সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় সচেতন নাগরিক অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত মার্চ থেকে জুলাই ২০২৬ পর্যন্ত কলেজের জবরদখলকৃত জমি উদ্ধারের বিষয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নানা আশ্বাস মিললেও কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। বক্তারা বলেন, বান্দরবানের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাতামুহুরী কলেজের সরকারি জমি জবরদখল হয়ে থাকবে, আর আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। কলেজের সম্পদ জবরদখল কখনোই মেনে নেওয়া হবে না। কলেজের স্বার্থ রক্ষায় সাধারণ শিক্ষার্থীরা আজ ঐক্যবদ্ধ হয়েছে।

শিক্ষার্থীরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের উত্থাপিত ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আলটিমেটাম দেয়।

শিক্ষার্থীদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে : ৭২ ঘণ্টার মধ্যে সরকারি মাতামুহুরী কলেজের জবরদখলকৃত প্রায় দুই একর জমি দখলমুক্ত করে কলেজ কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে হবে। অভিযুক্ত ভূমিদস্যু মো. সুমনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা এবং তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। উদ্ধারকৃত জমিতে দ্রুত স্থায়ীভাবে সীমানা প্রাচীর নির্মাণ এবং কলেজের লোগো সংবলিত সাইনবোর্ড পুনঃস্থাপন করতে হবে। আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের, যারা হুমকি দিচ্ছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং কলেজের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিতে হবে। দখল প্রতিরোধে অভিযোগ পাওয়ার পরও কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শিক্ষার্থীদের সামনে জবাবদিহি করতে হবে। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা ঘোষণা দিয়ে বলেন, আগামী ২৬ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। কলেজে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হবে। দখলকৃত ভূমি উদ্ধারে ব্যর্থতার অভিযোগে কলেজ অধ্যক্ষকে তার বাসভবনে অবরুদ্ধ করা এবং শিক্ষক-কর্মকর্তাদের অফিসে প্রবেশে বাধা দেওয়া হবে। লামা-চকরিয়া প্রধান সড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি পালন করা হবে। প্রশাসনিক কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি ও আমরণ অনশনে অংশগ্রহণ করা হবে। বক্তারা বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখলমুক্ত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে বলে আন্দোলনকারী ছাত্ররা দাবি করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়