সিরাজগঞ্জ প্রতিনিধি

  ৫৫ মিনিট আগে

সিরাজগঞ্জে পানির লাইনে গ্যাস-সদৃশ পদার্থের সন্ধান, জনমনে কৌতুহল

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় নতুন স্থাপিত একটি পানির পাম্পের পাইপলাইনে গ্যাস-সদৃশ পদার্থের সন্ধান পাওয়া গেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে এবং বিষয়টি এখন এলাকার প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বেলকুচি ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের উপস্থিতিতে উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম পরীক্ষা-নিরীক্ষা করে গ্যাস-সদৃশ পদার্থের উপস্থিতির বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। নিরাপত্তার স্বার্থে পানির পাম্পটির কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বেলকুচি থানা সংলগ্ন 'মাজেম মিয়ার গড়ান' নামক স্থানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মূলত, থানা সংলগ্ন ওই পানির পাম্প থেকে সরবরাহকৃত পাইপলাইনে পানির সাথে বুদবুদ উঠতে দেখে স্থানীয়রা কৌতূহলবশত সেখানে আগুন ধরিয়ে দেয় এবং তা জ্বলতে থাকে। খবর পেয়ে পৌরসভার প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে পানির পাইপে আগুন জ্বলতে দেখেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও গ্যাস কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসে প্রাথমিক অবস্থায় গ্যাস-সদৃশ পদার্থের সন্ধান পান।

এ বিষয়ে উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম হিল্লোল বলেন, “প্রাথমিকভাবে পানির লাইনে গ্যাসের অস্তিত্বের নমুনা পাওয়া গেছে। তবে এটি কী ধরনের গ্যাস এবং এর উৎস কোথায়, তা নিশ্চিত হতে আরও সুনির্দিষ্ট পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।” তিনি আরও জানান, শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় পুনরায় পরীক্ষা করে দেখা হবে পানিতে আগুন জ্বলে কি না। যদি তখনও আগুন জ্বলে, তবে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি 'বাপেক্স'কে (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) চিঠির মাধ্যমে জানানো হবে।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হলে তারা বেলকুচি ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রাথমিক পরীক্ষা শেষে গ্যাস-সদৃশ পদার্থের সন্ধান পেয়েছেন। শুক্রবার বিকেলে আবারও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তখনও যদি আগুনের অস্তিত্ব পাওয়া যায়, তবে বাপেক্সকে চিঠি দিয়ে বিষয়টি খতিয়ে দেখার জন্য আমন্ত্রণ জানানো হবে।”

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়