কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সব শ্রেণিতেই শিক্ষার্থীর সংকট: শিক্ষার্থী না থাকায় তৃতীয় শ্রেণির পাঠদান বন্ধ

শ্রেণিকক্ষের সামনের দুটি বেঞ্চে মাত্র দুজন শিক্ষার্থী উপস্থিত। আর শিক্ষিকা সেই দুজনেরই ক্লাস নিচ্ছিলেন। এর ঠিক পাশের কক্ষে চিত্রটি আরও হতাশাজনক; তৃতীয় শ্রেণিতে কোনো শিক্ষার্থী না থাকায় সেখানে পাঠদানই বন্ধ রয়েছে। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাস্তব চিত্র এটি।
শ্রেণিকক্ষে নেই শিক্ষার্থী, বন্ধ পাঠদান
গত বৃহস্পতিবার বিদ্যালয়টিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, পঞ্চম শ্রেণিতে কাগজে-কলমে চারজন শিক্ষার্থী থাকলেও উপস্থিত রয়েছে মাত্র দুজন। চতুর্থ শ্রেণিতে পাঁচ-ছয়জন শিক্ষার্থী নিয়ে পাঠদান চলছে। তবে তৃতীয় শ্রেণিতে কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় ওই শ্রেণির পাঠদান সম্পূর্ণ বন্ধ রাখতে হয়েছে।
শিক্ষক আছেন, শিক্ষার্থী নেই
অনুসন্ধানে জানা যায়, এই বিদ্যালয়টিতে ছয়জন শিক্ষকের বিপরীতে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা মাত্র ৫৪ জন। এর মধ্যে ১৮ জনই প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী। বাকি পাঁচটি শ্রেণি মিলিয়ে শিক্ষার্থী রয়েছে মাত্র ৩৬ জন। শ্রেণিভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায়—প্রথম শ্রেণিতে নয়জন, দ্বিতীয় শ্রেণিতে পাঁচজন, তৃতীয় শ্রেণিতে তিনজন, চতুর্থ শ্রেণিতে ১৪ জন এবং পঞ্চম শ্রেণিতে মাত্র চারজন ছাত্র-ছাত্রী রয়েছে।
কর্তৃপক্ষের বক্তব্য
বিদ্যালয়ের এমন পরিস্থিতির বিষয়ে প্রধান শিক্ষিকা মোছা. মোমেনা খাতুন বলেন, “নদীভাঙন এলাকা হওয়ায় এখানে এমন অবস্থা দাঁড়িয়েছে। তাছাড়া এক কিলোমিটার এলাকার মধ্যে আট থেকে নয়টি বিদ্যালয় থাকায় আশানুরূপ শিক্ষার্থী পাওয়া যায় না।”
এ বিষয়ে কাজিপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, “ওই বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কম। এ বিষয়ে আমরা প্রধান শিক্ষকের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছি। বিষয়টি উপজেলার মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।”
পিডিএস/এমএইউ









































