সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ ধরা পড়েছিলেন পাবনার লতিফ, যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে আব্দুল লতিফ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এই রায় প্রদান করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল লতিফ পাবনা জেলার আমিনপুর থানার ট্যাং বাড়ি গ্রামের খোরশেদ আলীর ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ রূপসী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসযাত্রী আব্দুল লতিফের ব্যাগ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
পিডিএস/এমএইউ









































