সিরাজগঞ্জ প্রতিনিধি
ইফার খরচ না হওয়া ৮৩ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা

প্রকল্প বাস্তবায়ন শেষে খরচ না হওয়া ৮৩ লাখ ৯ হাজার ৭৯০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে সততা ও দায়িত্বশীলতার এক অনন্য নজির স্থাপন করেছেন সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। সরকারি বরাদ্দের টাকা লোপাট বা অপচয়ের খবরের ভিড়ে তার এই পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার হাবিবুল্লাহ রাষ্ট্রীয় কোষাগারে অর্থ ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে 'নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম' প্রকল্পের ৭৪ লাখ ২ হাজার ৬৭৭ টাকা, 'দারুল আরকাম শিক্ষা সু-সংহত' প্রকল্পের ১ লাখ ১৭ হাজার ১১৩ টাকা এবং ইমাম সম্মেলনের উদ্বৃত্ত ৬ লাখ ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। উপ-পরিচালকের ন্যায়নিষ্ঠা ও সততার ফলেই অতীতে কখনো ফেরত না দেওয়া এত বড় অঙ্কের অর্থ এবার সরকারি তহবিলে জমা দেওয়া সম্ভব হয়েছে।
জানা যায়, ২০২০ সালের ৯ আগস্ট মোহাম্মদ ফারুক আহামেদ সিরাজগঞ্জে উপ-পরিচালক হিসেবে যোগদানের পর জেলার নয়টি উপজেলার মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেন। এতে প্রকল্পগুলোর কার্যক্রমে যেমন শৃঙ্খলা ও গতি এসেছে, তেমনি তার নেতৃত্বে সরকারি যাকাত আদায়ে সিরাজগঞ্জ জেলা জাতীয় পর্যায়ে সম্মানজনক অবস্থান অর্জন করেছে। একই সাথে নিয়মিত তদারকির মাধ্যমে প্রান্তিক পর্যায়ের শিশুদের ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা আরও বিস্তৃত হয়েছে।
রাষ্ট্রীয় কোষাগারে অর্থ ফেরত দেওয়ার বিষয়ে উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ বলেন, "প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের পর সরকারি অর্থ উদ্বৃত্ত থাকায় তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছি। এটি সম্পূর্ণ আমার দায়িত্ববোধ ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার জায়গা থেকে করা হয়েছে।"
পিডিএস/এমএইউ









































