মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে স্থানীয় লোকজন শিশুটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।
স্থানীয়দের দাবি, উদ্ধারের সময় নবজাতকের শরীরে স্যালাইন লাগানো ছিল। খবরটি ছড়িয়ে পড়লে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সহযোগিতায় শিশুটিকে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে এবং চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করি। শিশুটির জীবন রক্ষাই ছিল আমাদের প্রথম লক্ষ্য। তাই দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সে শারীরিকভাবে সুস্থ রয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও আমরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছি।”
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কে বা কারা এই নবজাতকটিকে রাস্তার পাশে ফেলে গেছে, তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
পিডিএস/এমএইউ









































