খুলনা ব্যুরো
খুলনায় অভিযোগ
জমি নিয়ে দ্বন্দ্বে ভাতিজার অস্ত্রাঘাতে চাচা নিহত, চাচি ও ভাই আশঙ্কাজনক

খুলনার ফুলতলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার অস্ত্রাঘাতে শেখ মুজিবুর রহমান (৫৫) নিহত ও তার স্ত্রী পুষ্প শেখ (৫০) ও ছেলে হাফেজ শেখ মিরাজ (২২) গুরুতর আহত হয়েছে। বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খানজাহানপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
শেখ মুজিবুর রহমান খানজাহানপুর গ্রামের মৃত শেখ আতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আর ঘাতক আশরাফুল আলম ওরফে কুতুব নিহতের ভাতিজা।
এদিকে বৃহস্পতিবার (১১ জুলাই) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মুজিবুরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত চাচি ও চাচাতো ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে ঘাতক আশরাফুলকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আশরাফুল মাদকাসক্ত এবং ভবঘুরে বলে দাবি করেন তিনি। তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।
এলাকাবাসী ও স্থানীয় ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাসার জানান, মুজিবুরের সঙ্গে তার ভাতিজা আশরাফুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে আশরাফুল হাসুয়া দিয়ে চাচা মুজিবুরকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাকে ঠেকাতে গেলে মুজিবরের স্ত্রী ও ছেলেকে কুপিয়ে জখম করে আশরাফুল। পরে আবারো কোপালে মুজিবের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনার পর ঘাতক পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুজিবুরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মুজিবরের স্ত্রী ও ছেলেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্তানান্তর করা হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
পিডিএস/আরডি









































