হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন ত্রিপুরা (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
সোমবার (২০ জুলাই) দুপুরের দিকে উপজেলার ধলই ইউনিয়ন ৮ নং ওয়ার্ডস্থ মাহবুব মাস্টারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিপন ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার উত্তর গাড়িটানা গ্রামের প্রভা ত্রিপুরার পুত্র।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন ত্রিপুরার বাড়ি মানিকছড়ি এলাকায় হলেও উল্লেখিত ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকার একটি চা দোকানে চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে ওই ইউপির ৮নং ওয়াডস্থ মাহবুব মাস্টারের বাড়ির হাবিবুর রশিদের ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিলো। প্রতিদিনের মতো রবিবার রাতেও সে ডিউটি শেষে বাসায় চলে যায়।
সোমবার সকালের দিকে বাসার মালিক ভাড়ার জন্য তাকে ডাকতে গেলে ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে বাসার ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা মডেল থানার উপপরিদর্শক উত্তম কুমার জানান, লাশটি বর্তমানে থানা হেফাজতে আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালে প্রেরণ প্রক্রিয়াধীন আছে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য শফিউল আজম লাশ উদ্ধারের ঘটনার স্বীকার করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
জানতে চাইলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটা আত্নহত্যা বলে মনে হচ্ছে তবে ময়নাতদন্তের পর আসল ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।









































