ঝালকাঠি প্রতিনিধি

  ১৫ ঘণ্টা আগে

অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ঝালকাঠি জেলা প্রশাসনের অভিযান

অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে ঝালকাঠি জেলা প্রশাসনের মোবাইল কোর্টের ধারাবাহিক অভিযানে গত এক সপ্তাহে তিনটি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে তিনটি মামলায় মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সঙ্গে একটি অবৈধ বাল্কহেড জব্দ করে নৌ-পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ঝালকাঠি সদর উপজেলার বিকনা ব্র্যাক মোড় এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬১ ধারায় দুটি মামলায় দুই ব্যক্তিকে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

পরদিন ১৩ জুলাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠি এলাকার সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অভিযোগে একটি বাল্কহেড জব্দ করা হয়। পরে সেটি নৌ-পুলিশের জিম্মায় দেওয়া হয়। একই সঙ্গে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দেওয়া হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

সর্বশেষ ১৯ জুলাই ঝালকাঠি সদর উপজেলার গাবখান সেতু সংলগ্ন গাবখান চ্যানেল এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে অনুমতিবিহীন বাল্কহেডের মাধ্যমে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে অভ্যন্তরীণ নৌ-পরিবহন অধ্যাদেশ, ১৯৭৬-এর সংশ্লিষ্ট ধারায় একজনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য সংরক্ষণ এবং অবৈধ বালু উত্তোলন, মজুদ ও পরিবহন প্রতিরোধে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের আইন মেনে বালু পরিবহন ও উত্তোলনের পাশাপাশি অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়