কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

  ০৯ জুলাই, ২০২৪

চাঁদা দাবি

ভূয়া এসিল্যান্ড পলাতক, আটক কথিত সাংবাদিক

ছবি: প্রতিদিনের সংবাদ

কুষ্টিয়ার কুমারখালীতে ওষুধ ফার্মেসিতে চাঁদা দাবির অভিযোগে উত্তেজিত জনতার ধাওয়ায় ভূয়া এসিল্যান্ড পালিয়ে গেলেও আটক হয়েছেন সঙ্গে থাকা কথিত সাংবাদিক।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরের দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বাজারে এই ঘটনা ঘটে। এ বিষয়ে কুমারখালী থানায় এজাহার জমা দিয়েছেন ভুক্তভোগী।

গ্রেপ্তার রাকিব (২২) পৌরসভার কাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি নিজেকে একাত্তরের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন।

ভুক্তভোগী ফার্মেসি মালিক মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সাংবাদিক পরিচয়দানকারী রাকিব ও পলাশ তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দিয়ে ফার্মেসির কাগজপত্র দেখাতে বলে। একইসঙ্গে ম্যাজিস্ট্রেটকে ম্যানেজ করতে ৫০ হাজার টাকাও দাবি করেন। আগন্তুকদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয় জানতে চান এবং স্থানীয়দের বিষয়টি জানান।

এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া করলে সাংবাদিক পরিচয়দানকারী পলাশ ও ভূয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পালিয়ে যেতে সক্ষম হলেও রাকিব আটক হয়। পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ রাকিবকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বর্তমানে রাকিব থানাহাজতে রয়েছেন। এ বিষয়ে কুমারখালী থানায় রাকিব, পলাশ ও ভূয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে এজাহার দিয়েছেন বলে জানান তিনি।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুকল্যাণ জানান, চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটকের খবর পেয়ে রাকিব নামে একজনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেয়েছি, মামলার প্রস্তুতি চলছে। এবং তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়া,কুমারখালী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়