মৌলভীবাজার প্রতিনিধি

  ০৫ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়া

দেবে গেছে বাঁধের ২০০ ফুট, যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি: প্রতিদিনের সংবাদ

মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজারে বন্যা প্রতিরক্ষা বাঁধের অন্তত ২০০ ফুট সড়ক দেবে গেছে। ফলে ওই স্থানে বড় ভাঙন সৃষ্টি হয়ে কয়েকটি ইউনিয়ন বন্যা কবলিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

এছাড়া কুলাউড়া উপজেলার হাজীপুর শরীফপুর টিলাগাঁও ও কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ও পতনউষার ইউনিয়নের লোকজন এই সড়কে সিলেটে যাতায়াত করেন। তারাও পড়েছেন ভোগান্তিতে।

সরেজমিনে শুক্রবার (৫ জুলাই) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজারে দেখা গেছে, বাজার জামে মসজিদের সামনে মনু নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ২০০ ফুট জায়গা অন্তত ৪ ফুট দেবে গেছে। এ সড়ক দিয়ে ভাড়ি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মবশ্বির আলী, ব্যবসায়ী মখলিছ মিয়া, বাবু বিধান দেসহ ব্যবসায়ীরা জানান, কয়েকমাস আগে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) সড়কটি মেরামত কাজ সম্পন্ন করে। তখন ওই স্থানে ভাঙনের আশঙ্কা থাকায় প্যালাসাইডিং করে কাজ করা হয়। কিন্তু গত ২৮ জুন পানি বাড়ার পর প্রথমে ১ ফুট দেবে যায়। এখন প্রায় ৪ ফুট দেবে গেছে।

ব্যবসায়ীরা আরো জানান, নদীতে এখন পানি কম আছে। আবার পানি বাড়লে বড় ভাঙনের সৃষ্টি হতে পারে। এতে কুলাউড়া উপজেলার হাজীপুর, রাজনগর উপজেলার কামারচাক এবং কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ব্যাপক এলাকা প¬াবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

জানতে চাইলে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন প্রতিদিনের সংবাদকে এ বিষয়ে বলেন, ‘আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো জাবেদ ইকবাল এ বিষয়ে প্রতিদিনের সংবাদকে বলেন, ওই জায়গাটি তাদের বন্যা প্রতিরোধ প্রকল্পের আওতায় ছিল। কিন্তু স্থানীয়রা জমি অধিগ্রহণ করে কাজ করতে বাঁধা দেয়। এমনকি তারা লিখিত দিয়েছে এই জায়গা মেরামত করতে হবে না।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৌলভীবাজার,কুলাউড়া,বাঁধে ফাটল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়