সাতক্ষীরা প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০১৯

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ২ তরুণ নিহত

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই তরুণ নিহত হয়েছেন। শনিবার ভোররাতে শহরের বাইপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, দ্বীপ আজাদ ও সাইফুল ইসলাম নামে ওই দুই তরুণ ছিনতাইকারী ছিলেন।

নিহতরা হলো, শহরের মুনজিতপুর এলাকার মইনুল ইসলামের ছেলে দ্বীপ (২২) ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (২৮)। শহরের মুনজিতপুর এলাকায় ভাড়া বাড়িতে তিনি বসবাস করতেন।

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, সম্প্রতি সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশের ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় তাদের গ্রেফতার করে কালিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। তারা স্বীকার করে ছিনতাইয়ের সঙ্গে তারা জড়িত। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মতে অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, অভিযানকালে ভোররাতে বাইপাস সড়ক এলাকায় অন্যান্য সহযোগীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুলিশ ও তাদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ছিনতাকারী দ্বীপ ও সাইফুল নিহত হন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি তাজা গুলি, তিনটি গুলির খোসা ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে।

জানা গেছে, নিহতদের মধ্যে দ্বীপ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের দেহরক্ষী ও মুন্সিপাড়া এলাকার সোহাগ হত্যা মামলার আসামি। এছাড়া সাইফুল ছিলেন অস্ত্রধারী ক্যাডার।

অন্যদিকে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান জানান, বন্দুকযুদ্ধে নিহত দ্বীপ ও সাইফুল ছাত্রলীগের বলিষ্ঠকর্মী। বৃহস্পতিবার রাতে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছিল। আমি চিকিৎসার জন্য গত এক মাস ঢাকাতে রয়েছি। এমন ঘটনা ঘটবে; কল্পনাও করতে পারছি না।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতক্ষীরা,বন্দুকযুদ্ধে নিহত,তরুণ নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়