কূটনৈতিক প্রতিবেদক
ইন্দোনেশিয়ায় অন এরাইভাল ভিসা পাবেন বাংলাদেশিরা

ভিসা ছাড়া ইন্দোনেশিয়া যেতে পারবেন বাংলাদেশি পর্যটকরা। পাসপোর্ট ও রিটার্ন টিকিট নিয়ে ইন্দোনেশিয়ার বিমানবন্দরে গেলেই দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ ৩০ দিনের ভিসা দেবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অষ্টম এশিয়ান পর্যটন মেলায় অংশ নিয়েছে অ্যাডভেঞ্চার ইন্দোনেশিয়া নামের একটি প্রতিষ্ঠান। পর্যটক টানতে সেখানে নানা তথ্য দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার আইসিসিবির পুষ্পগুচ্ছ হলে গিয়ে দেখা যায়, স্টলটিতে ভিড় করেছেন নানা বয়সি ভ্রমণপিপাসু লোকজন। সেখানে ইন্দোনেশিয়ার বালিসহ বিস্ময়কর আইল্যান্ডের সৌন্দর্য তুলে ধরা হচ্ছে দর্শনার্থীদের কাছে।
গত বৃহস্পতিবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমার্ন জানান, তার দেশ ২০১৬ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য অন অ্যরাইভাল ভিসা চালু করেছে। ইন্দোনেশিয়া ভ্রমণে এশিয়ার মধ্যে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার সরকার বাংলাদেশি পর্যটকদের আরো বেশি সুবিধা দিতে চায়।
অ্যাডভেঞ্চার ইন্দোনেশিয়ার সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ইদা রাহমী বলেন, ভিসা ছাড়াই বাংলাদেশিরা ইন্দোনেশিয়া ভ্রমণ করতে পারবেন। পাসপোর্ট (ছয় মাস মেয়াদ থাকতে হবে) ও রিটার্ন এয়ার টিকিট থাকলেই অন অ্যারাইভাল ভিসায় এক মাস পর্যন্ত সেখানে থাকতে পারবেন। এছাড়াও বিস্তারিত তথ্য জানতে আইসিসিবিতে প্রতিষ্ঠানটির স্টলে যেতে পারেন ভ্রমণপিপাসুরা। আজ সন্ধ্যা ৭টায় শেষ হবে এশিয়ান পর্যটন মেলার অষ্টম আসর।
"




































