গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ২৫ লাখের বেশি কর্মরত জনবল রয়েছে

শিল্প শহর হিসেবে খ্যাত গাজীপুর জেলায় মোট ৩.৯৪ লাখ অর্থনৈতিক ইউনিট এবং ২৫.৩০ লাখ কর্মরত জনবল রয়েছে। যা দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
গতকাল সোমবার গাজীপুরে ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪-ন্যাশনাল রিপোর্টবিষয়ক সেমিনার’-এ এই তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, গাজীপুর জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মাহনুমা খানম প্রমুখ।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া শুমারির পরিধি আরো বিস্তৃত করার ওপর জোর দিয়ে বলেন. ক্ষুদ্রতর ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা পাড়া-মহল্লার ছোট দোকানগুলোকেও অর্থনৈতিক শুমারির আওতায় আনা এবং তাদের কাছে এর গুরুত্ব বোঝানো প্রয়োজন। সাধারণ মানুষের সুবিধার্থে শুমারি বা সার্ভেতে জটিল শব্দ পরিহার করে সবার জন্য সহজে বোধগম্য শব্দ ব্যবহার করা উচিত। শিল্পের আধিক্য এবং শক্তিশালী এসএমই খাতের কারণে তিনি গাজীপুরকে বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত।
"




































