বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বোয়ালখালীতে মাতলামির দায়ে ৪ জনের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মদপান করে মাতলামির অভিযোগে চারজনকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার ফুলতল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— পূর্ব গোমদণ্ডী দাসপাড়ার মৃত সুবল বড়ুয়ার ছেলে মৃণাল বড়ুয়া (৪৭), মৃত আবুল কালামের ছেলে মো. ওসমান গণি (৪৭), কধুরখীল এলাকার মৃত লাল মিয়ার ছেলে ইনতাজুর রহমান (৩৫) এবং পূর্ব কালুরঘাট এলাকার মৃত আইয়ুব মিয়ার ছেলে মো. ইকবাল (৩২)।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী চারটি পৃথক মামলায় প্রত্যেককে ৫০ টাকা করে মোট ২০০ টাকা জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, মাদক ও জনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









































