বিশ্বকাপ ফুটবল: ২০২৬
কয়েক ঘণ্টা পরই আলজেরিয়ার বিপক্ষে নামছে আর্জেন্টিনা

অপেক্ষার পালা শেষ। আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় কানসাস সিটিতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা।
ইতোমধ্যে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মূল একাদশ চূড়ান্ত করে ফেলেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি। তবে কয়েকটি পজিশনে এখনো প্রশ্ন রেখে দিয়েছেন এই মাস্টারমাইন্ড।
আর্জেন্টিনার জন্য সবচেয়ে স্বস্তির খবর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে ঘিরে। ডান হাতের অনামিকায় চিড় নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানো এই গোলরক্ষক দলের হয়ে একটি প্রীতি ম্যাচও খেলতে পারেননি। তবে ভক্তদের জন্য খুশির খবর হলো, চোট কাটিয়ে তিনি এখন মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত এবং আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই মাঠে নামবেন—প্রতিবেদনে এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরোর খেলা নিশ্চিত। চোট থেকে সেরে ওঠা এই ডিফেন্ডারকে ঘিরেই রক্ষণভাগ সাজাবেন স্কালোনি। তার সঙ্গী হিসেবে লিসান্দ্রো মার্তিনেসের থাকা নিশ্চিত হলেও তিনি সেন্টার-ব্যাকে খেলবেন নাকি বামপ্রান্তে, সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। নিকোলাস তালিয়াফিকো চোটের কারণে ছিটকে যাওয়ায় স্কালোনির ভাবনায় রয়েছেন নিকোলাস ওতামেন্দি ও ফাকুন্দো মেদিনাও। অন্যদিকে ডানপ্রান্তের রক্ষণে গনসালো মন্তিয়েল কিছুটা এগিয়ে থাকলেও নাউয়েল মলিনার খেলার সম্ভাবনাও কম নয়।
মিডফিল্ডে খুব একটা পরিবর্তনে পক্ষে নন স্কালোনি। প্রতিবেদনে বলা হয়েছে, রদ্রিগো দে পল, এনসো ফার্নান্দেস ও আলেক্সিস মাক আলিস্তারের সঙ্গে আক্রমণভাগকে সমর্থন দেওয়ার দায়িত্বে থাকবেন থিয়াগো আলমাদা। আনহেল দি মারিয়ার বিদায়ের পর এই ভূমিকায় আলমাদার ওপরই বেশি আস্থা রাখছেন স্কালোনি।
আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে দেখা যাবে লাউতারো মার্তিনেসকে। দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ডের ওপর বেশি ভরসা রাখতে চান স্কালোনি। গোড়ালির চোট কাটিয়ে হুলিয়ান আলভারেজও দলে ফিরেছেন। তবে তাঁকে শুরুর একাদশে নয়, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বদলি হিসেবে নামানোর পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের। সব মিলিয়ে বিশ্বকাপ মিশনের শুরুতে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে শক্তিশালী এক আর্জেন্টিনাকেই দেখা যাবে আলজেরিয়ার বিপক্ষে।
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, নাউয়েল মলিনা অথবা গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস; নিকোলাস ওতামেন্দি অথবা ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, এনসো ফার্নান্দেস, আলেক্সিস মাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেস।









































