১২ জুলাই, ২০২৬
শহরালির কড়চা

লক্ষ করছি চোখে মুখে
সবার পরিতাপ
কারণ সবাই ফিল করছে
নানারকম চাপ!
চাপ রয়েছে উপর নিচের
চাপ রয়েছে বসের
চাপ রয়েছে গ্রীষ্মের ফল
ব্যবসায়ে লসের!
চাপ রয়েছে জাগরণের
চাপ রয়েছে ঘুমের
চাপ রয়েছে বেজায় তাপে
বারান্দাহীন রুমের!
চাপ রয়েছে শালা শালির
চাপ রয়েছে বৌয়ের
চাপ রয়েছে বলা বারণ
এক্সপ্রেমিকা মৌ-এর!
চাপ রয়েছে খেলা দেখার
গভীর রাতে-ভোরে
চাপ রয়েছে সময় মানার
কিন্তু মাথা ঘোরে!
চাপ রয়েছে গাড়ি ধরার
আটটা মানে আট
চাপে আছে চলতে গিয়ে
গাড়ির বল্টু নাট!
চাপ রয়েছে সবচে বেশি
শূন্য পকেট জুড়ে
চাপের পারদ বাড়তে থাকে
বাজার ঘুরে ঘুরে!
চাপের চোটে মানুষ এখন
লাফিয়ে ওঠে গাছে
চাপের মালিক ডাণ্ডা হাতে
থাকেন ধারে কাছে!
চারদিকের বেদম চাপে
কমন রক্ত চাপ
রক্তচাপে তুললে পটল
সবাই করুন মাফ।
- বাবু হক
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































