reporterঅনলাইন ডেস্ক
  ১২ জুলাই, ২০২৬

হানিফ ওয়াহিদের হাসির গল্প

হরমুজ প্রণালি

বিবাহিত পুরুষ মানুষের রান্নাঘর থেকে ডাইনিং টেবিলে আসার জন্য যেটুকু স্থান থাকে সেটাই হচ্ছে হরমুজ প্রণালী। বউয়ের সাথে একটু ক্যাচাল হলেই ওই পথ দিয়ে খাবার আসা বন্ধ হয়ে যায়। এই রাস্তায় আমেরিকার প্রেসিডেন্টও অসহায়।

আমার খাবার আসাও বন্ধ আছে। দু’দিন আগে একটা কৌটার ঢাকনা খুলতে গিয়ে লেগেছে বিপত্তি। দুর্বলতা দূর করার জন্য ডাক্তার একটা ভিটামিন ঔষধ দিয়েছে, এখন ঔষধের ঢাকনা খুলতে পারছি না। বউ সেদিকে তাকিয়ে আছে। তার ধারণা আমি ইচ্ছা করে অসুস্থ হয়েছি। তাকে নিয়ে শপিং করতে যাওয়ার কথা, সে মার্কেটে একটা শাড়ি পছন্দ করে রেখে এসেছে।

বউকে ডেকে বললাম, এই তুমি ঠিক আছো তো?

বউ বলল, হ্যাঁ।

শরীর টরীর খারাপ করে নাই তো?

আরে না, কেন এই কথা জিগ্যেস করছো?

আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, না মানে, দুই তিনদিন যাবৎ আমার সাথে কোনো ঝগড়া করছো না যে, তাই ভাবলাম শরীর খারাপ করলো কি না!

কথা শুনে বউ এমন আগুন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, এমন আগুন পারমানবিক বোমায়ও থাকে না। আরেকটু হলেই আমি পুড়ে ছাই হয়ে যেতাম।

এরপরই আমি খাবার নিষেধাজ্ঞায় পড়ে গেলাম।

উপায় না পেয়ে বউকে পটানোর জন্য বললাম, শুনেছি, বউয়ের পায়ের নিচে স্বামীদের বেহেশত। তুমি তো জানোই আমি কিছুটা বোকা, বোকা মানুষের উপর রাগ করা ঠিক?

বউ রাগী গলায় বলল, তুমি বোকা না, ইতরের প্রেসিডেন্ট, শয়তানের জ্যাঠামশাই। তুমি যে বোকা একটা প্রমাণ দেখাও।

আমি মিনমিনে গলায় বললাম, এই যে আমি তোমাকে বিয়ে করেছি। বোকা না হলে তোমাকে বিয়ে করতাম, তুমিই বলো?

কথা শুনে বউয়ের নাকমুখ শক্ত হয়ে গেল। সে যেনো কথা হারিয়ে ফেললো।

আমি আরো মিনমিনে গলায় বললাম, রাগ কইরো না বউ। বোকাদের কথায় গুরুত্ব দিতে নাই। দম্পতিদের মধ্যে মনোমালিন্য হতেই পারে।

বউ কঠিন গলায় বলল, দম্পতির মানে তুমি বোঝো?

বুঝবো না কেন? আমি কি মূর্খ? পত্নীর যন্ত্রণায় পতির চ্যাপ্টা হয়ে যাওয়াকেই দম্পতি বলে...

কথা শেষ করতে পারি নাই, তার আগেই দেখি বউ অগ্নিমূর্তির দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই আমি জেনে গেলাম, আমি কী পরিমাণ খারাপ। এরচেয়ে বড়ো কথা, মুহূর্তে জেনে ফেলেছি, আমাদের বংশে কার চেয়ে কে বেশি খারাপ। শুধু সে বলেই আমাকে দয়া করে বিয়ে করেছে। অন্য কেউ হলে...

আমি ভয় পেয়ে গেলাম। ডোজ বেশি দিয়ে ফেলছি না তো! আমি ভালো করেই জানি, বউয়ের রাগ ভাঙ্গানোর চেয়ে আরেকটা বিয়ে করা সহজ। হাত, পা, ঠ্যাং সহজেই ভাঙ্গতে পারে, আমার বউয়ের রাগ সহজে ভাঙ্গে না।

আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, হায় আফসোস! যে বয়সে পোলাপান পেটানোর কথা, সে বয়সে বউয়ের গালি খাচ্ছি! এই ছিল আমার কপালে!

বউ তীক্ষè গলায় বলল, তোমার আবার কপালও আছে নাকি! জানতাম না তো! তোমার এই হাফ ইঞ্চি কপাল নিয়ে গেছিলা আমাকে বিয়ে করতে, যে ব্যাটা বউকে একটা শাড়ি কিনে দিতে পারে না? আমার জন্য কত বড়ো বড়ো ঘরের সম্মন্ধ এসেছিল এটা জানো? তোমাকে বিয়ে করে বুঝতে পারছি, খাল কেটে কুমির এনেছি।

জানতাম না, এখন জানলাম। তাদের কপাল বড়ো ছিল বলেই হয়তো তারা তোমাকে বিয়ে করতে রাজি হয় নাই, ঠিক না? তোমার ভাগ্যে লেখা আছে হাফ ইঞ্চি জামাই, বড়ো কপাল পাইবা কই? আর আমি তোমার মতো খাল কেটে কুমির আনি নাই এটা ঠিক। তবে নিজেই কুমির ভর্তি খালে ঝাঁপ দিয়েছি।

বউ পারে তো রান্না করা ছাড়াই আমাকে কাঁচা অবস্থায় কচকচ করে খেয়ে ফেলে। সে রাগে দাঁত কিড়মিড় করে বলল, ফাউল কথা বলবা না। বেশি কথা বলে এমন মানুষ আমি একদম পছন্দ করি না, তবে আমি নিজে বললে সেটা আলাদা বিষয়। যাদের কোনো মুরোদ নাই, সমাজে এক পয়সার দাম নাই, তারাই বেশি কথা বলে। আগামী এক সপ্তাহ আমার সাথে তুমি কোনো কথা বলবা না। আমি যারতার সাথে কথা বলি না। মনে থাকবে?

আমি আর কথা বাড়াতে সাহস করলাম না। বউয়ের সাথে ঝগড়া করে পেরেছে জগতের কোন স্বামী?

বউ রাগ করে টিভিতে সিরিয়াল দেখছে, আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। তিন ঘণ্টা পর আমি বললাম, ভাবছি একটু মার্কেট থেকে ঘুরে আসবো, ইচ্ছা করলে আমার সাথে যেতে পারো।

ঝগড়া ভুলে বউ দৌড় শুরু করলো সাজুগুজু করতে। কীসের ঝগড়া, কীসের কী!

আধাঘণ্টার মধ্যে বউ সাজুগুজু করে রেডি।

আমরা বাসার নিচে গাড়ির জন্য অপেক্ষা করছি। বউ একটা ট্যাক্সি থামিয়ে বলল, আমি বসুন্ধরা শপিংমল যাবো,ভাড়া কত?

ট্যাক্সি ড্রাইভার বলল,৭০০ টাকা।

কী বলেন! ওই তো বসুন্ধরা শপিং মল দেখা যায়।

দেখা গেলেই ভাড়া কম হয় না আপা, এখান থেকে চাঁদও তো দেখা যায়, তাই বলে কম ভাড়ায় চাঁদে যেতে পারবেন?

আচ্ছা বুঝলাম, যদি আমার জামাই সাথে যায়?

একই ভাড়া। বাড়তি দিতে হবে না।

বউ আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, দেখলা, বলছিলাম না তোমার দুই পয়সা মূল্য নাই? সে তোমার জন্য বেশি ভাড়া নিবে না। বুঝে ফেলেছে তুমি ফকির টাইপ মানুষ।

আমি ড্রাইভারকে উদ্দেশ্য করে বললাম, যদি আপনার গাড়িতে আরেকজন মহিলা যায়?

ড্রাইভার বলল, ভাইজান, একই ভাড়া। এই গাড়িতে চারজন যেতে পারবেন।

এবার আমি বউয়ের কানে কানে বললাম, দেখছো, যদি আমি আরেকটা বিয়ে করি, তেমন বাড়তি খরচ হবে না। করবো নাকি আরেকটা বিয়ে?

বউ ধূসর চোখে আমার দিকে তাকিয়ে রইল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়