সংক্ষিপ্ত সংবাদ

চেক বিতরণ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৩টি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, কবরস্থান, মন্দির, ব্যক্তিগত অনুদানসহ বিভিন্ন উন্নয়নমূলক খাতে ২০২৫-২৬ অর্থবছরের ৩৪টি প্রকল্পের জন্য মোট ২৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা পরিষদের নবনির্মিত অডিটরিয়ামে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান ও প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী লিলিড চন্দ্র সেন অপু, উপসহকারী প্রকৌশলী আব্দুল হাকিম, ফুলবাড়ী উপজেলা বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান নবীউল ইসলাম প্রমুখ।
বৃক্ষরোপণ
জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার দেউরপাড় চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস। উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী খানম। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা বেগম, সদর ইউএনও নাজনীন আক্তার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান ও সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন প্রমুখ।
বৃক্ষমেলা উদ্বোধন
পটুয়াখালী প্রতিনিধি
গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ উদ্যোগে পটুয়াখালী সার্কিট হাউস থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী। পরে সেখানে আলোচনা সভায় বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহিদুর রহমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ডিসি শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক স্নাহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার আবু ইউসুফ, ডিডিএলজি (উপসচিব) জুয়েল রানা, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম। মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারার সমারহ নিয়ে সরকারি-বেসরকারি ২৫টি স্টল খোলা হয়েছে। ১৫ জুলাই হতে ২১ জুলাই এই ৭ দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।
বৃক্ষরোপণ কর্মসূচি
আদমদীঘি প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ছাতনী ঢেকড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে ছাতনী ঢেকড়া উচ্চ বিদ্যালয় চত্বরে দুই পাশে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ওই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শিক্ষিকা সুবর্ণা সরকার, অভিভাবক তুহিন ইসলাম প্রমুখ।
খাবার বিতরণ
বাঁশখালী প্রতিনিধি
উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে এসব খাবার পানিবন্দি মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন নেতৃত্বে ৯ হাজার ৫শ প্যাকেট শুকনো খাবার, ৭ হাজার প্যাকেট রান্না খাবার ও ১২৬ টন চাল, ১ লাখ ৩০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
"







































