রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
রাজারহাটে রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত এক

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ফুলখা এলাকার ডাংঘাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত জাহেদুল ইসলাম জান্নাত আলী (৫০) একই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, রাস্তাটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে উমর মজিদ ইউপির ডাংঘাট গ্রামে প্রায় ১২শ ফুট দীর্ঘ একটি সরকারি রাস্তা দখলমুক্ত করা হয়। দীর্ঘ প্রায় তিন দশক ধরে রাস্তাটি ব্যবহার না হওয়ায় বিভিন্ন ব্যক্তি এর অংশবিশেষ দখলে নিয়ে চাষাবাদ ও অন্য কাজে ব্যবহার করে আসছিল। ফলে রাস্তাটির অস্তিত্ব প্রায় বিলীন হয়। এর ফলে স্থানীয়দের চলাচলের দুর্ভোগ পোহাতে হয়। প্রশাসনের উদ্যোগে তা দখলমুক্ত করার পর দখল ও ব্যবহারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করের বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জাহেদুল ইসলাম জান্নাত, পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল বলেন, সরকারি রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ বলেন, রাস্তা নিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
"







































