ফাইনাল নিশ্চিতের মিশনে আর্জেন্টিনা, ইংল্যান্ডের তিন পরিবর্তন

২০২৬ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিতের মিশনে একাদশে চমক এনেছে আর্জেন্টিনা। রদ্রিগো ডি পলকে বেঞ্চে রেখে শুরুর একাদশে সুযোগ দেয়া হয়েছে জুলিয়ানো সিমিওনেকে। অন্যদিকে তিন পরিবর্তন এনে একাদশ সাজিয়েছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল।
আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১টায় শুরু হবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। তার আগে দেখে নেয়া যাক দুই প্রতিদ্বন্দ্বী দলের একাদশ।
ম্যাচের আগে দুই দলের কোচই ঘোষণা করেছেন নিজেদের শুরুর একাদশ। সেখানে দেখা গেছে দুটি গুরুত্বপূর্ণ চমক। লিওনেল স্কালোনির আর্জেন্টিনায় একমাত্র পরিবর্তন এসেছে মাঝমাঠে। রদ্রিগো ডি পলের পরিবর্তে ডানপ্রান্তে সুযোগ পেয়েছেন জুলিয়ানো সিমিওনে। সুইজারল্যান্ডকে হারানো দলে এটিই একমাত্র পরিবর্তন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন, প্রতিপক্ষকে মাথায় রেখেই কিছু পরিবর্তন আনা হতে পারে। তিনি বলেছিলেন, ‘প্রতিপক্ষকে বিবেচনায় রেখে কিছু পরিবর্তন হতে পারে। আমাদের লক্ষ্য সেরা একাদশ নামানো। ছেলেরা ভালো অবস্থায় আছে।’
প্রথমে ধারণা করা হচ্ছিল নিকোলাস গনসালেস একাদশে ফিরবেন। তবে শেষ পর্যন্ত দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনের ওপরই আস্থা রেখেছেন স্কালোনি। চলতি বিশ্বকাপে এটি হবে তার দ্বিতীয় শুরু, এর আগে তিনি জর্ডানের বিপক্ষে একাদশে ছিলেন।
স্কালোনির অধীনে দীর্ঘদিনের নির্ভরযোগ্য ফুটবলার রদ্রিগো ডি পল এবার জায়গা হারালেন। মিশরের বিপক্ষে ম্যাচের আগেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। জুলিয়ানোকে বেছে নেয়ার অন্যতম কারণ, তিনি ডানপ্রান্তে ফুল-ব্যাকের সামনে খেলতে বেশি স্বচ্ছন্দ। যদিও আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত খুব বেশি ম্যাচ শুরু করার সুযোগ পাননি তিনি।
অন্যদিকে ইংল্যান্ড কোচ থমাস টুখেলও এনেছেন গুরুত্বপূর্ণ পরিবর্তন। ডানপ্রান্তে ননি মাদুয়েকের বদলে সুযোগ পেয়েছেন মরগান রজার্স। এছাড়া রিস জেমস ফিরেছেন রাইট-ব্যাকে, আর বাম-ব্যাকে খেলবেন জেড স্পেন্স।
কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে অসুস্থতার কারণে বিরতির পর মাঠ ছাড়তে হয়েছিল ডেকলান রাইসকে। জ্বর ও শারীরিক ক্লান্তি কাটিয়ে তিনি সেমিফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শুরুর একাদশে আছেন। টুখেল জানিয়েছেন, ‘সবাই ফিট এবং প্রস্তুত।’
তবে জর্ডান হেন্ডারসন কবজির অস্ত্রোপচারের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। লাল কার্ডের নিষেধাজ্ঞায় এই ম্যাচেও খেলতে পারছেন না জারেল কোয়ানসা।
আর্জেন্টিনার একাদশ এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; জুলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
ইংল্যান্ডের একাদশ জর্ডান পিকফোর্ড; রিস জেমস, জন স্টোনস, মার্ক গেহি, জেড স্পেন্স; ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন; মরগান রজার্স, জুড বেলিংহ্যাম, অ্যান্থনি গর্ডন; হ্যারি কেইন।









































