ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন শেষ, ১০ বিল পাস
১১ কমিটি গঠন ও কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছে। গত ৭ জুন শুরু হওয়া এ অধিবেশনের ২৬ কার্যদিবসে মোট ১০টি বিল পাস হয়েছে।
এছাড়া সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিসহ মোট ১১টি কমিটি গঠিত হয়েছে এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ অধিবেশনে মোট ২৬টি কার্যদিবস অনুষ্ঠিত হয়েছে। বাজেটের ওপর সাধারণ আলোচনা ১৪টি কার্যদিবসে মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয়, যেখানে ৩১৬ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন। এছাড়া ১০টি সরকারি বিল পাস হয়েছে।
এছাড়া কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী ৭১ টি নোটিশ প্রাপ্ত হয়। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা হয়। ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয়েছে। ১৩১ বিধি অনুযায়ী, ৪টি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা ও নিষ্পত্তি হয়েছে।
সেইসঙ্গে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়ে এবং ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর দেয়া হয়েছে।









































