মাভাবিপ্রবি প্রতিনিধি
মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ইঞ্জিনিয়ারিং, অনার্স ও বিফার্ম প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান বুধবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।
এবারের ওরিয়েন্টেশনে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ। বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
আয়োজকরা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অনুপ্রেরণায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই নবীন শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফজলুল করিম, প্রক্টর প্রফেসর ড. মনির মোর্শেদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে শিক্ষার্থীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, প্রথমবারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় আগামী ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত চার দিনব্যাপী নবীন শিক্ষার্থীদের জন্য গ্রুমিং ও কাউন্সেলিং সেশনের আয়োজন করা হয়েছে। এ কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিগত, একাডেমিক ও পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে উপাচার্য বলেন, “মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগে স্নাতক (ইঞ্জিনিয়ারিং/অনার্স/বিফার্ম) প্রথম বর্ষে মোট ৯০৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।









































