ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
ছড়া থেকে বালু লুট, ধসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

ছড়া-খাল থেকে বালু উত্তোলনের কারণে ও টানা বৃষ্টিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফরেস্ট অফিসপাড়া সড়কের প্রায় ১শ মিটার এলাকা ধসে পড়েছে। এতে সড়কের ওই অংশ এবং জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার চরম ঝুঁকিতে পড়েছে। তবে এমন পরিস্থিতির পরও বিদ্যুৎ, এলজিইডি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ফরেস্ট অফিসপাড়া থেকে দুর্বৃত্তরা দিনরাত একাধিক শ্যালো মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে পাচার করে। এর ফলে অফিসপাড়া সড়ক, মসজিদ, বিট কর্মকর্তার কার্যালয়, মহাসড়কের চট্টগ্রাম-কক্সবাজার সেতু ও জাতীয় পাওয়ার গ্রিডের একটি টাওয়ার ব্যাপক ঝুঁকিতে রয়েছে। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে মহাসড়কের সেতুর ওই অংশ।
খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের ব্যাপারে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।
পাওয়ার গ্রিড চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপস কুমার ভৌমিক বলেন, চকরিয়ার খুটাখালী ছড়াখাল থেকে বালু উত্তোলনের কারণে জাতীয় পাওয়ার গ্রিডের একটি টাওয়ার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জেনেছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সহকারী প্রকৌশলীকে বাদী হয়ে মামলা করতে বলা হয়েছে।
এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক বলেন, ধসে পড়া সড়কটি এলজিইডির। কিন্তু বেশি ঝুঁকিতে রয়েছে জাতীয় পাওয়ার গ্রিডের টাওয়ার। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
"







































