শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

শাহরাস্তিতে ডাকাতের হামলায় গৃহবধূ নিহত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ডাকাতির ঘটনায় রিগান আক্তার মিম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। একই ঘটনায় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ কাজী সুমাইয়া আক্তার (২৪)। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাত্তলা গ্রামের বেপারীবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিগান আক্তার মিম ওই গ্রামের মৃত সেলিম বেপারীর পুত্রবধূ। আহত গৃহবধূ কাজী সুমাইয়া আক্তার জানান, গভীর রাতে মুখ বাঁধা দুই ব্যক্তি ঘরে ঢুকে তাকে ও তার শিশুকে ছুরির মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র দাবি করে। তিনি আলমারিতে থাকা জিনিসপত্র নিয়ে যেতে বললে ডাকাতরা তার ওড়না দিয়ে হাত বেঁধে ফেলে এবং হাতুড়ি দিয়ে মাথায় দুই দফা আঘাত করে। এরপর তার কানের দুল, আলমারিতে থাকা আরো এক জোড়া দুল ও একটি স্বর্ণের আংটি নিয়ে যায়। পরে তারা পাশের কক্ষে প্রবেশ করে।

পরিবারের প্রবীণ সদস্য নুরুল ইসলাম জানান, রাতে চিৎকার শুনে ঘুম ভেঙে গেট খুলতে গিয়ে দেখেন গেটটি ভেতর থেকে আটকানো থাকলেও তালাটি নেই। প্রতিবেশী আনোয়ার হোসেন জানান, মিমের ঘর থেকে চিৎকার শুনে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ঘরের ভেতর ধস্তাধস্তির শব্দ শুনে জানালার বাইরে থেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। ডাকাতির সন্দেহ হলে তিনি আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী বাড়িটি ঘিরে ফেলেন। পরে খবর পেয়ে চিকিৎসক ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আব্দুল হাই চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়