বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বাউফলে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ড. মাসুদ

পটুয়াখালীর বাউফলে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নগদ অর্থ, টিন ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিদর্শনে যান এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ৫ ব্যবসাপ্রতিষ্ঠান ও এক বসতঘরের মালিক প্রত্যেককে সাড়ে ৭ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া প্রত্যেককে দুই বান টিন এবং প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্তদের উদ্দেশে এমপি মাসুদ বলেন, আপনাদের ক্ষতির তুলনায় আমাদের এই প্রচেষ্টা খুবই সামান্য। তার পরও সান্ত্বনার অংশ হিসেবে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনাদের যেকোনো সমস্যায় পাশে থাকব।’ তিনি আরো বলেন, ‘আমরা কাউকে দল-মত দেখে সহযোগিতা করি না।’
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, বাউফল উপজেলা জামায়াতের আমীর রফিকুল ইসলাম, বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল হোসেন, বগা ইউনিয়ন জামায়াতের আমীর শহিদুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ।
"








































