টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

টুঙ্গিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে ছয় মাসের গর্ভবতী নারী সহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের পাটগাতী মধ্যপাড়া এলাকার ওস্তাবাড়ি এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতেরা গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মহিবুল্লাহ ওস্তা গ্রুপের আহতেরা হলেন, গর্ভবতী নারী আমেনা বেগম (২৫), রাজিয়া বেগম (৫৫), হুসাইন লস্কর (৩২), সাইদ হাসান (২২), ফাতেমা বেগম (৫০)। এছাড়া বদরুল ওস্তা গ্রুপের আহতেরা হলেন, সারমিন আক্তার (২৫), রাসিদা বেগম (৪০), বাক প্রতিবন্ধী ফজর ওস্তা (১৩), রুপবান বেগম (৫০)।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় বদরুল ওস্তা ও মহিবুল্লাহ ওস্তা গ্রুপের মধ্যে হটাৎ করে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার পর স্থানীয়দের হস্তক্ষেপে সংঘর্ষ বন্ধ হয়। পরে এলাকার লোকজন দুই পক্ষের আহতদের হাসপাতালে ভর্তি করে।

মহিবুল্লাহ ওস্তার চাচাতো ভাই হুসাইন লস্কর বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ১ ফেব্রুয়ারি আমার চাচী নাহিদা বেগমকে হাতুড়ি পেটা করে মেরে ফেলে কাদের ওস্তা ও বদরুল ওস্তার লোকজন। শুক্রবার সন্ধ্যায় হটাৎ বদরুলের মেয়ে নানা রকম বকাঝকা শুরু করলে তার প্রতিবাদ করায় বদরুল ওস্তা বাড়িতে এসে আমার গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারে। তখন সে ব্যাথায় চিৎকার শুরু করলে আমরা এগিয়ে এলে আমাদেরও মারধর করে। পরে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

অভিযুক্ত বদরুল ওস্তা উল্টো অভিযোগ করে বলেন, মহিবুল্লাহদের জমি নিয়ে বিরোধ কাদের ওস্তার সাথে। কিন্তু হত্যা মামলায় আমার নামও জড়িয়ে দিয়েছে। বাড়িতে আসার পর দেখি ওরা আমার স্ত্রীর চুল ধরে টেনে নিয়ে মারধর করছে। পরে তারা আমাকে দেখার পর যার যার মতো চলে যায়। এতে আমার স্ত্রী, মেয়েসহ ৫ জন আহত হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, এঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়