প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ জুন, ২০২৬

স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

দেশের বিভিন্ন স্থানে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত এসব প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। প্রতিনিধিদের পাঠানো খবর

সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাজেদুল করিম সিদ্দিকী, গোল-ই-আফরোজ সরকারি কলেজের প্রভাষক সুমি খাতুন, উপজেলা আইসিটি প্রোগ্রামার মাজদার আলী, উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধান এবং উদ্যোক্তাভিত্তিক স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় ফুটে ওঠে।

প্রদর্শনী শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অর্জন করে। সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।

বেলাবো (নরসিংদী) : নরসিংদীর বেলাবোতে উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ-এর তত্ত্বাবধানে এবং এডুকেশনাল ইঞ্জিনিয়ারিং সাপোর্ট সিস্টেম (ইইএসএস)-এর আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। বেলাবো উপজেলা(ভারপ্রাপ)নির্বাহী কর্মকর্তা আজিজ সারতাজ জায়েদ এর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম ফারুক ভূইয়া,বেলাবো উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ কাদের জলিল,সহকারী শিক্ষা কর্মকর্তা বিপুল চন্দ্র শাহা,একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর, সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তি নির্ভর সমাধান এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন।

সাটুরিয়া (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন (শুক্রবার) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সাটুরিয়ার যৌথ আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশের সেসিপ (SESIP) এর অন্তর্গত এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এর সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম) সাটুরিয়া উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার ফকির মো.জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আফরোজা খানম রিতা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহী হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তাদের আরও বেশি উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়া দরকার।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম( ঊঊঝঝ) এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে এ আয়োজন আরম্ভ হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (কলেজ) পর্যায়ের ৯টি শিক্ষা প্রতিষ্ঠান এ উপস্থাপনায় অংশগ্রহণ করে। শিক্ষক-শিক্ষার্থীদের নিজস্ব উদ্ভাবনী প্রজেক্টগুলি মানব কল্যাণে ও দেশের উন্নয়ন ও নিরাপত্তার কাজে ব্যবহারের বর্ণনা বিচারক প্যানেলের প্রশ্নত্তোর উপস্থাপন করেন শিক্ষার্থীরা।

কাউনিয়া (রংপুর) ঃ “মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশÍসবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলা অডিটোরিয়ামে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি)-এর উদ্যোগে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা তাদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহেরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.আর.এম. আল মামুন, একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ প্রধান শিক্ষক ফাকের সরকার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম- সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়