ক্রীড়া ডেস্ক

  ২৪ জুলাই, ২০২৬

বিশ্বকাপে হতাশার পর ফ্রেঞ্চ তারকার বড় দুঃসংবাদ

২১ আগস্ট মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। তার আগে বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। ফরাসি দৈনিক লেকিপের প্রতিবেদন, চার থেকে পাঁচ মাসের জন্য ছিটকে গেছেন দলটির ডিফেন্ডার উইলিয়াম সালিবা।

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলার সময় পিঠের গুরুতর চোটে পড়েন সালিবা। স্পেনের বিপক্ষে সেমিফাইনালে ফ্রান্সের হেরে যাওয়া ম্যাচে মাত্র ৩০ মিনিট খেলার পরেই চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ২৫ বছর বয়সি এই ডিফেন্ডার।

লন্ডনে ফিরে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান সালিবা। আপাতত তার কোনো অস্ত্রোপচারের (সার্জারি) প্রয়োজন নেই। তবে পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে সালিবাকে সুস্থ করে তোলার পরিকল্পনা রয়েছে। এই চোটের কারণেই ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও মাঠে নামতে পারেননি সালিবা।

বিশ্বকাপ চলাকালীন নিজের এই সমস্যা নিয়ে সালিবা বলেছিলেন, ‘গত কয়েক মাস ধরেই আমি ছোটখাটো কিছু চোটে ভুগছিলাম। কিন্তু সামনে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ থাকায় দাঁতে দাঁত চেপে খেলে গেছি। আর বিশ্বকাপ তো চার বছরে একবারই আসে, তাই কষ্ট সহ্য করে হলেও খেলার চেষ্টা করতে হয়।’

গত মৌসুমে আর্সেনালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচ খেলেছেন সালিবা। দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে গানারদের প্রিমিয়ার লিগ শিরোপা জেতা এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পেছনে তার অনবদ্য অবদান ছিল।

১৬ আগস্ট কমিউনিটি শিল্ডের লড়াইয়ে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে মিকেল আরতেতার শিষ্যরা। তার ঠিক পাঁচ দিন পর ঘরের মাঠে কোভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে গানারদের প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার অভিযান। গুরুত্বপূর্ণ এই শুরুর আগেই সালিবার ছিটকে যাওয়া আর্সেনালের জন্য বড় এক ধাক্কা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়