ক্রীড়া ডেস্ক

  ১৭ ঘণ্টা আগে

নেইমার-মেসির পর এবার হালান্ড নাম রাখার হিড়িক

বিশ্বকাপে একের পর এক গোল করে আলো ছড়িয়েছেন আর্লিং হালান্ড। আর মাঠের মতোই নরওয়ের তারকা স্ট্রাইকারের দুর্দান্ত পারফরম্যান্সের প্রভাব পড়েছে মাঠের বাইরেও। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সাম্প্রতিক সময়ে জন্ম নেওয়া শত শত নবজাতকের নাম রাখা হয়েছে হালান্ড।

পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থা (রেনিয়েক) জানিয়েছে, বিশ্বকাপ শুরুর পর থেকে জন্ম নেওয়া ৪৯৮ জন নবজাতকের নামে যুক্ত হয়েছে হালান্ড। এ ছাড়া ৯১ শিশুর পুরো নামই রাখা হয়েছে আর্লিং হালান্ড।

শুধু তাই নয়, অন্তত ৪ জন নবজাতের নাম রাখা হয়েছে আর্লিং ব্রাউট হালান্ড। এখানে উল্লেখ্য, ব্রাউট মূলত হালান্ডের মায়ের নাম। আর বাবার নাম থেকে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে হালান্ড।

২৫ বছর বয়সি হালান্ড বিশ্বকাপে নরওয়ের সবচেয়ে উজ্জ্বল তারকা। শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে কোয়ার্টার-ফাইনালে তোলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম শেষ আটে পৌঁছায় নরওয়ে।

পরে অবশ্য কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় হালান্ডের নরওয়ে।

হালান্ডের নামে নাম রাখার ব্যাপারে রেনিয়েকের মুখপাত্র ইভান তোরেস বলেন, ‘ফুটবল তারকারা পেরুর মানুষের জন্য অনুপ্রেরণা। তাই অনেকেই নিজেদের সন্তানের নাম তাদের নামে রাখেন।’

সংস্থাটির তথ্য বলছে, নরওয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পর ‘হালান্ড’ নাম নিবন্ধনের হার আরো বেড়ে গিয়েছে। এ প্রসঙ্গে তোরেসের মন্তব্য, ‘হালান্ড এখন পেরুরও একজন।’

অবশ্য পেরুতে ফুটবল তারকাদের নামে সন্তানের নাম রাখার ঘটনা নতুন নয়। দেশটিতে ৩ হাজার ৪০২ জনের নাম মেসি, যার মধ্যে ২৯২ জনের পুরো নাম লিওনেল মেসি। ১ হাজার ১৮৫ জনের নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ও ১ হাজার ২৪১ জনের নাম ইয়ামাল।

তবে জনপ্রিয়তার শীর্ষে এখনো ব্রাজিলের নেইমার। পেরুতে ৩৩ হাজার ৮০৯ জনের নাম নেইমার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়