নরসিংদী প্রতিনিধি

  ১৪ জুলাই, ২০২৬

নরসিংদীতে বালু ব্যবসায়ীর কান কামড়ে ছিঁড়ে দিলেন বিএনপি নেতা

ছবি : প্রতিদিনের সংবাদ

নরসিংদীর পলাশে পথ থেকে তুলে নিয়ে সাখাওয়াত হোসেন নামের এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় কামড় দিয়ে তাঁর কান রক্তাক্ত ও জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আহত ব্যবসায়ী সাখাওয়াত বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁর কানে চারটি সেলাইসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ভুক্তভোগীর বর্ণনা ও অভিযোগ

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জের ফিরোজ আলীর ছেলে। তিনি জানান, ঘোড়াশাল বাংলাদেশ জুটমিলের ভেতরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজের জন্য তিনি শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন স্থাপন করেন। সোমবার বিকেলে শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে চারজন লোক মোটরসাইকেলে এসে তাঁকে তুলে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িতে নিয়ে যান।

সেখানে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিনসহ কয়েকজন তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে ওই বিএনপি নেতা তাঁকে না জানিয়ে কেন ড্রেজার বসানো হয়েছে—তা জানতে চেয়ে তাঁর কানে সজোরে কামড় দিয়ে রক্তাক্ত করেন। পরে দ্রুত ড্রেজার সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় পরে তিনি হাসপাতালে ভর্তি হন।

অভিযুক্ত ও প্রশাসনের বক্তব্য

অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া জানান, সকালে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের একটি কর্মসূচি থাকায় তিনি ঘুমাতে যাচ্ছেন। পরবর্তীতে ভিডিও বার্তার মাধ্যমে এই ঘটনার সত্য-মিথ্যা ও বিস্তারিত জানাবেন বলে দাবি করেন তিনি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়