ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে ঘোড়াঘাটে সচেতনতামূলক সভা

দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস. এম. মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াঙ্কা কুন্ডু, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু এবং ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব সুলতান কবির। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। একটি অপপ্রচার বা গুজব সমাজের বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই বিভ্রান্তিকর তথ্য ও গুজবের বিস্তার রোধে সমাজের সর্বস্তরের মানুষকে আরও সচেতন, দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
পিডিএস/এমএইউ









































