ক্রীড়া ডেস্ক
উরুগুয়ের প্রধান কোচের দায়িত্বে ফোরলান

উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে নজিরবিহীন ভরাডুবির পর নড়েচড়ে বসেছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন (এইউএফ)। গ্রুপ পর্ব থেকেই লজ্জাজনক বিদায়ের পর পদত্যাগ করেছেন অভিজ্ঞ কোচ মার্সেলো বিয়েলসা। এই সংকটময় মুহূর্তে জাতীয় দলের গৌরব ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন কোচ চায় দেশটি। তারই প্রেক্ষিতে ‘লা সেলেস্তে’দের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেশটির কিংবদন্তি স্ট্রাইকার দিয়েগো ফোরলানকে। এবারের বিশ্বকাপে গ্রুপ ‘এইচ’ থেকে একটি ম্যাচও না জিতে বিদায় নেয় উরুগুয়ে। স্পেন ও চমক দেখানো কেপ ভার্দের পেছনে থেকে মাত্র ২ পয়েন্ট নিয়ে বিদায় নেয় দুইবারের চ্যাম্পিয়নরা। এরপর দলের অভ্যন্তরে কোন্দল ও কৌশলগত ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে সরে দাঁড়ান বিয়েলসা।
দলের এই চরম বিপর্যয়ের দিনে ৪৭ বছর বয়সি ফোরলানের কাঁধে ২০২৭ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব তুলে দিয়েছে ফেডারেশন। সিনিয়র দলের পাশাপাশি ২০২৭ সালের দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে যুব দলের কোচের দায়িত্বও সামলাবেন তিনি। খেলোয়াড় হিসেবে ফোরলানের ক্যারিয়ার বেশ উজ্জ্বল। দেশের হয়ে ১১২ ম্যাচে ৩৬ গোল, ২০১১ কোপা আমেরিকা জয় এবং ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী এই তারকার কোচিং প্রোফাইল অবশ্য খুব একটা ভারী নয়। এর আগে পেনিয়ারল এবং আতেনাস দে সান কার্লোসের মতো ঘরোয়া ক্লাবে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য ডাগআউটে ছিলেন তিনি।
"









































