ক্রীড়া ডেস্ক

  ৯ ঘণ্টা আগে

ভোজিনহার সম্মানে বিরল সামুদ্রিক প্রাণীর নামকরণ

অভিষেকে স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। এবার সেই পারফরম্যান্সের স্বীকৃতি মিলল একেবারেই ভিন্ন এক জগৎ থেকে। স্প্যানিশ সামুদ্রিক জীববিজ্ঞানী হেসুস অর্তেয়া নতুন আবিষ্কৃত একটি সামুদ্রিক মোলাস্কের (সি স্লাগ) নাম রেখেছেন অ্যালডিসা ভোজিনিয়া (Aldisa vozinha)। দ্য অ্যাথলেটিক, রয়টার্সসহ নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে জানা গেছে এ খবর।

দ্য অ্যাথলেটিকর প্রতিবেদনে বলা হয়, মাত্র চার মিলিমিটার আকারের লাল রঙের সি স্লাগটি আগে বিজ্ঞানের কাছে অজানা ছিল। কিউবার হাভানার উপকূল এবং ক্যারিবীয় অঞ্চলের গুয়াদেলুপের কাছে প্রাণীটির সন্ধান পান গবেষকরা। পরে অর্তেয়া তার প্রকাশিত গ্রন্থ Historias de la Bioadversidad (Biodiversity Stories)-এ নতুন এ প্রজাতিটির আনুষ্ঠানিক বর্ণনা দেন। বিশ্বকাপ চলাকালেই বইটি প্রকাশ করেন অর্তেয়া। সময়টা বেছে নেওয়ার কারণও ছিল বিশেষ। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ঐতিহাসিক ড্রয়ে সাতটি দারুণ সেভ করে ম্যাচ সেরা হয়েছিলেন ৪০ বছর বয়সি ভোজিনিয়া। সেই অসাধারণ পারফরম্যান্সের প্রতি শ্রদ্ধা জানাতে নতুন প্রজাতিটির নাম তার নামে রাখেন এ স্প্যানিশ গবেষক। অর্তেয়ার সঙ্গে কেপ ভার্দের সম্পর্কও বেশ গভীর। দ্বীপ দেশটির সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে দীর্ঘদিন গবেষণার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে তিনি দেশটির মেডেল অব এনভায়রনমেন্টাল মেরিট পান।

কেপ ভার্দের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই ভোজিনহার নামে নতুন প্রজাতিটির নামকরণ করেছেন বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক। অবশ্য কোনো ফুটবলারের নামে সামুদ্রিক প্রাণীর নাম রাখার ঘটনা অর্তেয়ার জন্য নতুন নয়। ২০১৯ সালে তিনি কোস্টা রিকার সাবেক গোলকিপার কেইলর নাভাসের নামেও নতুন আবিষ্কৃত একটি ক্ষুদ্র সামুদ্রিক শামুকের নাম রেখেছিলেন। বিশ্বকাপে ভোজিনহার গল্প কম চমকপ্রদ নয়। ৪০ বছর ১২ দিন বয়সে কেপ ভার্দের হয়ে দেশের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলেই তিনি গড়েছেন নতুন রেকর্ড- কোনো দেশের বিশ্বকাপ অভিষেকে মাঠে নামা সবচেয়ে বয়স্ক ফুটবলার এখন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে কেপ ভার্দের পাশাপাশি মলদোভা, স্লোভাকিয়া, সাইপ্রাস ও পর্তুগালের বিভিন্ন ক্লাবে খেলেছেন অভিজ্ঞ এ গোলরক্ষক। বিশ্বকাপে তার জনপ্রিয়তাও আকাশছোঁয়া হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে ইনস্টাগ্রামে তার ফলোয়ার ছিল ৫০ হাজারের কাছাকাছি। স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ কোটি ৮৫ লাখে। মাঠের নৈপুণ্যের পাশাপাশি এবার সামুদ্রিক জীববিজ্ঞানের ইতিহাসেও নিজের নাম লিখিয়ে রাখলেন কেপ ভার্দের এ অভিজ্ঞ গোলরক্ষক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়