আলমগীর কবির
২০ জুন, ২০২৬
বাবা স্বপ্ন জুড়ে

বাবার বানানো ঘুড়ি মাঠে নিয়ে উড়িয়ে দিতাম আকাশে
উড়তে উড়তে মেঘের রাজ্যে পেয়ে যেত দুটি পাখা সে!
বাবার হাতেতে লাটাই তখন আমি নাচতাম খুশিতে
আমার মতন আলোর পাখি কি তুমিও হৃদয়ে পুষিতে?
ঘুড়ির সঙ্গে দিতাম কত না রঙিন স্বপ্ন উড়িয়ে
ছাড়তে ছাড়তে সুতো শেষ হত স্বপ্ন যেত না ফুরিয়ে।
ঘুড়ির মতন আমারও ছিল স্বাধীনতা দুই ডানাতে,
মেঘের দেশের গল্প আমাকে ঘুড়ির হত না জানাতে!
কারণ আমিও সেই শৈশবে উড়বার নীতি শিখেছি
দস্যি বালক পেয়ে তো পালক আলোকের চিঠি লিখেছি!
তারপর থেকে উড়া থেমে নেই পাহাড় বনানী পেরিয়ে,
আমার গল্পে বিস্মিত হবে পারবে না যেতে এড়িয়ে।
স্বপ্ন দেখেছি কবিতা লেখেছি থেকেছি বাবার ছায়াতে,
আমার মতন তুমিও ভেসেছো বাবার স্নেহ মায়াতে?
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন




































