আহসান মালেক
২০ জুন, ২০২৬
যাই এগিয়ে

আমি যখন চলতে শিখি
বাবা থাকেন সাথে,
আমার কোমল হাতটি ধরা
থাকে বাবার হাতে।
দেখান তিনি পথের দিশা
শোনান মর্মকথা,
কেমন করে হচ্ছে বড়ো
বনের তরুলতা।
কেমন করে ওঠে মানুষ
হিমালয়ের চূড়ায়,
সাগর সেঁচে কী করে সব
মুক্তো-মানিক কুড়ায়!
রামধনুকের বুকে কারা
আঁকে রঙের মালা,
সাতসকালে সূর্য কেন
মেলে আলোর ডালা!
কেমন করে বাগান সাজে
রংবাহারি ফুলে,
কেমন করে সুনীল আকাশ
শূন্যে থাকে ঝুলে!
কত্তকিছু শেখান বাবা
আমায় দিনে দিনে,
সেই ভরসায় যাই এগিয়ে
পথটি চিনে চিনে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন




































