নিজস্ব প্রতিবেদক
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির

আগামী সেপ্টেম্বর মাসে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমন্ত্রণপত্র এসেছে। আমরা সেটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।’ আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ আমন্ত্রণ গ্রহণ বা সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরও তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ও আমন্ত্রণ জানানোর চিঠি হস্তান্তর করেন দেশটির লোকসভার স্পিকার ওম বিরলা। তিনি বাংলাদেশের নবগঠিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।
স্পিকার ওম বিরলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে গঠনমূলক বৈঠক এইমাত্র শেষ হয়েছে। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তার কাছে হস্তান্তর করেছি। চিঠিতে প্রধানমন্ত্রী মোদি তাকে শুভকামনা এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’
ওম বিরলা আরো বলেন, ‘আমি ভারতের জনগণের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাই এবং আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী অংশীদারত্ব আরো গভীর করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’ স্পিকার ওম বিরলা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি তার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেন।
"







































