নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ দেখা গেছে ৮৯৬ জনের।
এতে আরো বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৬৫ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৯৪ জনের।
সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৫৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৩৭৬ জনে। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৩ হাজার ৬১৩ জন। একই সময় ৯৫ হাজার ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯১ হাজার ৪৮৩ জন বাড়ি ফিরেছে।
"








































