বিশেষ প্রতিবেদক
আইএমএফ মিশনপ্রধানের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক
সংস্কার হবে ধাপে ধাপে একমত আইএমএফ

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। রাতারাতি বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব নয় এবং আইএমএফও এ বিষয়ে একমত হয়েছে। কোন সংস্কার কখন করা প্রয়োজন, সেই অগ্রাধিকার ঠিক করেই এগোনো হবে। গতকাল সোমবার সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশ ও হংকংবিষয়ক মিশনপ্রধান ইভো ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এসব কথা বলেন।
সরকারের আর্থিক সংস্কার, রাজনৈতিক দায়িত্বশীলতা এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির প্রতি আইএমএফ সম্মান জানিয়েছে- এ কথা বলেছেন অর্থমন্ত্রী। নতুন ঋণ কর্মসূচির ভিত্তি ও বাস্তবায়নের ধাপ নিয়েও উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি কোন ভিত্তির ওপর পরিচালিত হবে, সে বিষয়ে দুই পক্ষের মধ্যে পরিষ্কার ধারণা হয়েছে। সরকার যে ভিত্তি ও নীতিমালার প্রস্তাব দিয়েছে, আইএমএফ তাতে একমত হয়েছে।
অর্থমন্ত্রী আরো বলেন, একটি রাজনৈতিক সরকারের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে। জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে। এ ধরনের রাজনৈতিক দায়িত্বশীলতাকে আইএমএফ গুরুত্বের সঙ্গে দেখেছে এবং সম্মান জানিয়েছে। অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকারের চার মাসের কর্মকাণ্ডে আর্থিক খাতের সংস্কার, শেয়ারবাজার ও পুঁজিবাজারের উন্নয়ন এবং রাজস্ব আদায়ে যে অগ্রগতি হয়েছে, তাতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। তিনি দাবি করেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র চার মাসে কর আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ ধারা ধরে রেখে কর-জিডিপি অনুপাত বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। ভর্তুকির বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখনো কোনো নির্দিষ্ট শর্ত বা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়নি। আপাতত নতুন কর্মসূচির মূল ভিত্তি তৈরির বিষয়েই কথা হয়েছে। পরবর্তী পর্যায়ের আলোচনায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে আলোচনা চলমান। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে বিশ্বব্যাংকের বার্ষিক সভার সময় এ বিষয়ে আবার আলোচনা হবে। বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমে আইএমএফ সন্তুষ্ট এবং সেই ভিত্তিতেই নতুন কর্মসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
"








































