ভোলায় অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত ফিরোজ জামাদার ও তার তিন সহযোগী আটক

ভোলায় স্থানীয় জনগণের সহায়তায় কোস্ট গার্ড কর্তৃক অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার ও তার তিন সহযোগী আটক।
রবিবার (১২ জুলাই) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ভোলা সদর থানাধীন পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণ কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার ও তার তিন সহযোগীকে আটক করে এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ ১২ জুলাই ২০২৬ তারিখ দুপুর ৩টায় কোস্ট গার্ড বেইস ভোলা উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের বোট জব্দ করা হয়। পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার (৫৫) ও তার তিন সহযোগীকে আটক করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।









































