বিনোদন প্রতিবেদক
মেলবোর্ন উৎসবে প্রশংসিত বাংলাদেশের ‘মাস্টার’

অস্ট্রেলিয়ার মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (এমআইএফএফ) ‘এশিয়া প্যাসিফিক’ বিভাগে স্থান করে নিয়েছে বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’। ৬ থেকে ২৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় এই উৎসবে ৭ ও ১১ আগস্ট সিনেমাটির দুটি প্রদর্শনী রয়েছে। এর আগে চলতি বছরের মে মাসে সিনেমাটি সিডনি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল। উৎসবে পেড্রো আলমোদোভার ও রিউসুকে হামাগুচির মতো বিশ্বখ্যাত নির্মাতাদের ছবির পাশে নিজের সিনেমা প্রদর্শিত হওয়াকে আনন্দদায়ক বলে মন্তব্য করেছেন এর পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। এই অর্জনকে সম্পূর্ণভাবে পুরো কাস্ট ও কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম ও ডেডিকেশনের ফল হিসেবে উল্লেখ করে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ‘মাস্টার’ সিনেমার গল্প গড়ে উঠেছে বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এক শিক্ষক জহিরের উত্থান ও মানসিক পরিবর্তনকে কেন্দ্র করে। চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর ক্ষমতার চাপ এবং অন্যায্য সুবিধার দাবির মুখে পড়ে জহিরের আদর্শবাদ কীভাবে ধীরে ধীরে কর্তৃত্ববাদী মানসিকতায় রূপ নেয়, তা দেখানো হয়েছে এই চলচ্চিত্রে। ১২২ মিনিট দৈর্ঘ্যরে এ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সাব্বির হোসেন শোভন ও নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত নিজে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল ও মাহমুদ আলম। চিত্রগ্রহণে ছিলেন তুহিন তামিজুল, প্রোডাকশন ডিজাইনার ভারতের জোনাকি ভট্টাচার্য এবং সংগীত পরিচালনা করেছেন তাইওয়ানের হাও টিং শিহ। মাইপিক্সেলস্টোরি ব্যানারে নির্মিত এই সিনেমাটি এর আগে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল।
"









































