বিনোদন প্রতিবেদক
শিল্পী সমিতির নির্বাচন
পলির অভিযোগ, যা বললেন নবনির্বাচিত সভাপতি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হলেও তা ঘিরে আলোচনা-সমালোচনা থামেনি। ভোটগ্রহণ ও ফল ঘোষণার পর বিভিন্ন অভিযোগ সামনে এনেছেন কয়েকজন শিল্পী। এর মধ্যে নির্বাচনে অর্থের প্রভাব ছিল বলে অভিযোগ করেন চিত্রনায়িকা পলি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি শিবা শানু।
তিনি মনে করেন, নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ এবং পরাজয়ের পর অনেক সময় হতাশা বা অভিমানের জায়গা থেকে বিভিন্ন মন্তব্য আসে। তাই অভিযোগগুলোকে তিনি সেভাবেই দেখছেন। শিবা শানু বলেন, ‘নির্বাচনে পরাজয় হলে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়। আবার বিভিন্ন ধরনের কথা শুনতে হলে সেই কষ্ট আরো বেড়ে যায়। আমি বিশ্বাস করি, সময়ের সঙ্গে এই খারাপ লাগা কেটে যাবে।’
নবনির্বাচিত কমিটির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, শিল্পী সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে একাধিক উপকমিটি গঠন করা হবে। সেখানে শুধু বিজয়ী সদস্যরাই নন, নির্বাচনে অংশ নেওয়া পরাজিত প্রার্থীদেরও যুক্ত করা হবে, যাতে সবাই মিলে শিল্পীদের কল্যাণে কাজ করতে পারেন।
তিনি বলেন, ‘যারা নির্বাচনে অংশ নিয়েছেন, তারা সবাই শিল্পীদের জন্য কাজ করার ইচ্ছা নিয়েই এসেছেন। তাই তাদের অভিজ্ঞতা ও আগ্রহকে কাজে লাগাতে চাই। উপকমিটিগুলোতে তাদের সম্পৃক্ত করা হবে, যাতে সবাই মিলে শিল্পী সমিতিকে এগিয়ে নেওয়া যায়।’
চিত্রনায়িকা পলির অর্থের প্রভাব সংক্রান্ত অভিযোগ নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন শিবা শানু।
অভিযোগটি সরাসরি অস্বীকার না করলেও তিনি মনে করেন, এটি হয়তো নির্বাচনে পরাজয়ের হতাশা থেকেই এসেছে। পাশাপাশি পলির বক্তব্য বিস্তারিতভাবে শুনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।
তার কথায়, তিনি যে অভিযোগ করেছেন, আমার মনে হয় না কেউ টাকার জন্য এখানে এসেছে। হয়তো পরাজয়ের কষ্ট থেকে এমন কথা বলেছেন। তিনি প্রকাশ করেছেন, কিন্তু বিষয়টি নিয়ে আগে তার সঙ্গে কথা বলতে চাই। তিনি কী বলতে চাচ্ছেন, সেটা শুনে তারপর প্রয়োজন হলে সিদ্ধান্ত নেওয়া হবে।
সবশেষে নবনির্বাচিত সভাপতি বলেন, নির্বাচন শেষ হয়েছে। এখন ব্যক্তিগত মতভেদ ভুলে শিল্পীদের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার সময়। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই শিল্পী সমিতিকে আরো শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য।
"









































