বিনোদন প্রতিবেদক
‘খেয়ালী সুর’ নিয়ে ফাহমিদা নবী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী নতুন একটি গান নিয় শ্রোতা দর্শকের মাঝে উপস্থিত হয়েছেন। গানের শিরোনাম ‘খেয়ালী সুর’। গানটি প্রকাশিত হয়েছে ‘ফাহমিদা নবী’ ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘সত্যি বলতে কী এখন মানুষ কী আর প্রবল আগ্রহ নিয়ে গান শোনে? শোনেনা। মানুষ এখন যা কিছু ভাইরাল তাতেই যেন একটু মনোযোগী। কিন্তু তাতে আমাদের সংস্কৃতির খুব ক্ষতি হচ্ছে। যে কারণে এখন গান প্রকাশ পেলে আলাদাভাবে কেমন সাড়া পাচ্ছি সেটা বলা মুশকিল।
তবে কাছের মানুষজনের কাছে গানটি বিশেষভাবে মূল্যায়িত হলে সেটাও ভালোলাগার। আমি বিশ্বাস করি যারা গান ভালোবাসেন, যারা গানের প্রকৃত শ্রোতা তারা ঠিকই খুঁজে খুঁজে ভালো গান বের গান শোনেন। তারাই আমার গানের প্রকৃত শ্রোতা। খেয়ালী সুর তাদের ভালোলাগবে।’
ফাহমিদা নবী বিগত বেশ কয়েকবছর যাবত নিজে গান গাওয়ার পাশাপাশি সুরও করছেন। তার বাবাও সুর করতেন। বাবার পথেই হাঁটছেন তিনি। ফাহমিদা নবীর কাছে সুর করাটাও অনেক আনন্দের বিষয় বলেই জানান তিনি। ফাহমিদা নবী সিনেমাতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তিনি প্রথম ‘দূরদেশ’ সিনেমাতে প্লেব্যাক করেছিলেন। এরপর আরো বহু সিনেমায় গান গেয়েছেন।
উল্লেখ্য, খেয়ালি সুর গানটি লিখেছেন আমিরুল ইসলাম অরুন, সুর করেছেন ফোয়াদ নাসের বাবু।
"









































