বিনোদন প্রতিবেদক

  ০১ অক্টোবর, ২০১৯

নতুন ধারাবাহিক ‘তোলপাড়’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ টিভি নাটকে এবং সিনেমায় সমানতালে অভিনয় করছেন। তবে ধারাবাহিক নাটকে অভিনয়ের ব্যাপারে একটু বেশিই সচেতন তিনি। ধারাবাহিকে অভিনয়ের ক্ষেত্রে গল্পটা ভালো হওয়া তার কাছে যেমন জরুরি, ঠিক তেমনি তার চরিত্রটিও ভালো লাগার মতোই হতে হবে। নতুন ধারাবাহিক ‘তোলপাড়’-এ দুটো বিষয়ের সমন্বয় আছে বলেই অপর্ণা এই ধারাবাহিকে অভিনয় করছেন। গেল শনিবার থেকে অপর্ণা ‘তোলপাড়’ ধারাবাহিকের কাজ শুরু করেছেন। নাটকটি পরিচালনা করছেন মুসাফির রনি। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। এই ধারাবাহিকে অপর্ণার সঙ্গে আরো দুটো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ডা. এজাজুল ইসলাম ও শামীমা নাজনীন। এ ছাড়াও বিভিন্ন পর্যায়ে এ ধারাবাহিকে আরো যুক্ত হবেন সাজু খাদেম, মৌসুমী হামিদ, রাশেদ মামুন অপু, নিলয়, রাইজা রশীদ, ইমু শিকদার, নূসরাত জাহান পাপিয়াসহ আরো অনেকে।

ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, ‘গল্প এবং চরিত্র ভালো লাগায় ধারাবাহিকটিতে অভিনয় করছি। মুসাফির রনি তরুণ নির্মাতা। যে কারণে তারমধ্যে ভালো কাজ করার স্পৃহা এবং ধৈর্যটা আছে। বেশ গোছানো এবং পরিপাটি একটি ইউনিট। মেয়েদের একটি হোস্টেলের জীবনযাত্রা নিয়েই তোলপাড়ের গল্প আবর্তিত হবে। এজাজ ভাই, শামীমা আপা অনেক উঁচুমাপের অভিনেত্রী। তাদের সঙ্গে কাজ করাটা ভীষণ উপভোগ করি আমি।’ ডা. এজাজুল ইসলাম বলেন, ‘সত্যি করেই বলছি, নিঃসন্দেহে খুব ভালো একটি কাজ হচ্ছে। নাটকের গল্প এবং নির্দেশনায় রনির মুন্সিয়ানা নাটকটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে তা প্রচারে এলেই প্রমাণিত হবে। আমি একজন শিল্পী হিসেবে তোলপাড়-এ কাজ করে সন্তুষ্ট।’ শামীমা নাজনীন বলেন, ‘খুব চমৎকার একটি গল্পের নাটক এই ধারাবাহিক। আমরা সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করছি। রনিকে ধন্যবাদ ধৈর্য ধরে কাজটি করার জন্য।’ এদিকে মো. মোজাফফর হোসেন দিপুর নির্বাহী প্রযোজনায় নাটকটি প্রযোজনা করছে ‘প্রচেষ্টা অ্যাড মিডিয়া’। মুসাফির রনি জানান, চলতি বছরেই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়