বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৪ জুলাই, ২০২৬

বসতভিটায় ভাঙচুর নারী আহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতে সাধারণ ডায়েরি (জিডি) করার তিন দিনের মাথায় প্রতিপক্ষের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, লুটপাট ও নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী আজম নূরের অভিযোগ, গত ২৯ জুন তিনি বাঁশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ৪৪ ধারায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে তিনি উল্লেখ করেন, জমি নিয়ে তার ভাই প্রবাসী আবদুল কাদের ও রুহুল কাদেরের সঙ্গে স্থানীয় মফজল আহমদ ও আবুল কাসেমের দীর্ঘদিনের বিরোধ চলছে। প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং শান্তিভঙ্গের আশঙ্কা সৃষ্টি করছে বলে আদালতের কাছে বিষয়টি রেকর্ডভুক্ত করার আবেদন করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ওই জিডির তিন দিনের মাথায় গত বৃহস্পতিবার সকাল ১০টায় ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্র, দা, কিরিচ ও লোহার রড নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতভিটার বেড়া ভাঙচুর করে এবং ঘরে ঢুকে স্বর্ণালংকার লুট করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, হামলার সময় আজম নূরের ছোট ভাই আব্দুন নূরের স্ত্রী লোকেয়া বেগমকে কিরিচ দিয়ে হাতে ও পায়ে আঘাত করা হয়। এ ছাড়া প্রবাসী আবদুল কাদেরের স্ত্রী লাকি আক্তারকে মারধর করে তার গলায় থাকা স্বর্ণের একটি চেইন ছিনিয়ে নেওয়া হয়। বাদীপক্ষের অভিযোগ, মফজল আহমদ ও আবুল কাছিমের নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলার সময় তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় এবং জমি ছেড়ে না দিলে আরো ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

রুহুল কাদের বলেন, ‘নিরাপত্তাহীনতার আশঙ্কার বিষয়টি আমরা আগেই আদালতকে জানিয়েছিলাম। এরপরও আমাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ অভিযুক্ত মফজল আহমদের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাওয়ায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়