লালপুর (নাটোর) প্রতিনিধি
পরীক্ষার টাকা আত্মসাৎ, অফিস সহকারী গ্রেপ্তার

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ জন এইচএসসি পরীক্ষার্থীর ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে কলেজের অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। জানা যায়, আব্দুলপুর সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৮ জন শিক্ষার্থী কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকারের নিকট ২০২৬ সালে এইচএসসি পরীক্ষার জন্য ৩ হাজার ৫০০ করে টাকা জমা দেয়। কিন্তু উক্ত টাকা সংশ্লিষ্ট অফিসে জমা না দিয়ে সমুদয় টাকা আত্মসাৎ করে অমিত কুমার। জানা যায়, গত ২৯ জুন পরীক্ষার জন্য প্রবেশপত্র বিতরণ করা হয়। কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান সুচিসহ অন্যান্য শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিতে গেলে সুচিসহ ৮ জন শিক্ষার্থী প্রবেশপত্র না পেলে বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানালে তিনি যাচাই-বাছাই করে দেখেন তাদের ফরম ফিলাপ করা হয়নি।
গত ২ জুলাই এইচএসসি পরীক্ষার দিন ইসরাত জাহান সুচি ও তার সহপাঠিরা প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে না পেরে কলেজের অধ্যক্ষ কার্যালয়ের সামনে কান্নায় ভেঙে পড়ে। এ সময় কলেজের উক্ত অফিস সহকারী কলেজে উপস্থিত না থাকায় তাকে মোবাইল ফোনে অফিস থেকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। আব্দুলপুর সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান সূচিসহ সবুজ আহমেদ, শিমুল শেখ, আকিবুল ইসলাম, তানভীর হোসেন, শিমুল আলী, সাব্বির হোসেন ও শাওন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষার ফরম পূরণের সময় সার্ভারজনিত জটিলতায় পড়েন।
এদিকে ইসরাত জাহান সুচির পিতা ইমামুল হক লালপুর থানায় লিখিত অভিযোগ করলে লালপুর থানা পুলিশ অমিত কুমার সরকারকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে ৩ জুলাই রাতে আটক করে। লালপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আসামি অমিত কুমার সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
"





































